4:12 pm , August 12, 2025
ব্যাপক যানজটে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক ॥ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের অনিয়ম-অব্যবস্থাপনার প্রতিবাদ ও ৩ দফা দাবী আদায়ে ব্লকেড কর্মসূচি চলছে। টানা ৬ষ্ঠ দিনের মত শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবী আদায়ে ব্লকেড করেন। এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা।
আন্দোলনকারীরা জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলসহ সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬তম দিনে গড়ালো এই আন্দোলন। তারা অভিযোগ করেন, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার বেহাল দশা। মান উন্নয়নে বছরের পর বছর ধরে দাবী জানালেও স্বাস্থ্য দপ্তর কোন ভ্রুক্ষেপ করেনা। বাধ্য হয়ে তারা ৬ষ্ঠ দিনের মত মঙ্গলবার বেলা ১১টা থেকে ব্লকেড কর্মসূচি শুরু করেন।
অন্যদিকে, এই দাবীতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে বেশ কয়েকজন শিক্ষার্থী সোমবার সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু করেছেন। গতকাল তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
এছাড়াও শহরের সদর রোড এলাকা আটকে বেলা সাড়ে ১১ টা থেকে অবরোধ কর্মসূচী পালন করে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এতে করে শহরে যানজটের সৃষ্টি হয়।
