4:01 pm , July 27, 2025
শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠায় মাদকের টাকা না পেয়ে পিতাকে ছুরিঘাতে হত্যা করেছে মাদকসেবী ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামের বাসিন্দা শাহে আলম খান (৫৫) কে তার একমাত্র ছেলে শাহনেওয়াজ শিমুল (৩০) মাদকের টাকার জন্য কুপিয়ে হত্যা করে। স্থানীয় লোকজন ঘাতক ছেলে কে আটক করে পুলিশে সোপার্দ করে। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম ঘটনান সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী যুবদল নেতা সুমন জানান, শাহ আলম খানের ছেলে একজন মাদকসেবী। সে তার বাবার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবী করে। বাবা শাহ আলম টাকা দিতে রাজী না হলে শাহনেওয়াজ তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন হত্যাকারী ছেলে শাহনেওয়াজকে হাতেনাতে আটক করে গাছের সাথে বেধে রাখে। পারে থানা পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত শাহ আলমের লাশ উদ্ধার এবং ঘাতক ছেলেকে আটক করেন। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, মাদক সেবনের টাকা না পেয়ে ছুরি দিয়ে বাবা শাহ আলম খানকে কুপিয়ে হত্যা করে ছেলে শাহ নেওয়াজ শিমুল। এ ঘটনায় অভিযুক্ত শিমুলকে স্থানীয় লোকজন আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোন রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
