4:58 pm , July 26, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, জুলাই আন্দোলনে নারীরা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছেন। তারা যে সাহস, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়নের জন্য ঘর থেকে বেরিয়ে এসে যুদ্ধে অংশ নিয়েছেন। নারীরা যদি সে সময় ঘরে বন্দি থাকতেন কিংবা সুযোগ দেয়া না হতো, তাহলে এ স্বাধীনতা অর্জন এত সহজ হতো না। তাই নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আমাদের কঠোর হতে হবে। শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, দেশের উন্নয়নের স্বার্থে নারীদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। নারীদের সমাজের বোঝা না ভেবে সম্পদে পরিণত করতে হবে। এরজন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণ, সুশিক্ষা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আর্থিকভাবে সাবলম্বী করার উদ্যোগ নিতে হবে। নারীরা যদি স্বনির্ভর হন, তাহলে সমাজে তাদের প্রতি সহিংসতা ও বৈষম্য অনেকাংশে কমে আসবে।
তিনি বলেন, মেয়েদের ২১ বা ২২ বছরের আগে সন্তান ধারণ করা উচিত নয়। বাল্যবিবাহের ফলে অল্প বয়সে সন্তান জন্ম দিয়ে সেই শিশু পুষ্টিহীনতায় ভোগে এবং অনেক সময় বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। কিন্তু সঠিক বয়সে এবং পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ, সবল ও মেধাবী সন্তান জন্ম নেয়, যা শুধু পরিবার নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ।
মাদকের কুফল নিয়ে জেলা প্রশাসক বলেন, মাদক একটি সমাজবিধ্বংসী উপাদান। এটি শারীরিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে মানুষকে ধ্বংস করে। মাদকাসক্ত মানুষের বিবেকবোধ লোপ পায় এবং তারা উগ্র আচরণ করে। এর ফলে সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা ও নানা অসামঞ্জস্য তৈরি হয়। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর সঞ্চালনায় সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক শাহরফিকুল ইসলাম, পুলিশ সুপার শরীফ উদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
