4:26 pm , July 23, 2025
নেছারাবাদ প্রতিবেদক ॥ নেছারাবাদের আরামকাঠিতে দিনে-দুপুরে মানিক হালদার নামে এক কৃষকের কলা বাগানের সমস্ত কলাগাছ কেটে সাবাড় করেছে প্রতিবেশী মনোজ ঘরামি ও তার লোকজন। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। সোমবার বেলা ১২টায় উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়নের আরামকাঠিতে মনোজ ঘরামি ও তার লোকজন ওই কলা বাগান কেটে ফেলেন বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে মানিক হালদার নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মানিক হালদার ৮নং ওয়ার্ডের কালিকান্ত হালদার এর ছেলে।
মানিক হালদার জানান, মনোজ ঘরামির সাথে জমি নিয়ে বিরোধ ছিলো। বিরোধীয় সম্পত্তি আমি ক্রয় সূত্রে মালিক। গত দেড় বছর ধরে ভোগ দখলে আছি। কিন্তু মনোজ ঘরামি জোরপূর্বক আমার সম্পত্তি ভোগ দখল করতে চায়।
সোমবার আমার ভোগ দখলীয় জায়গায় রোপনকৃত নারিকেল, আমড়া, আম চারাসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ বনি আমিন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
