4:16 pm , July 18, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ দেশে বিএনপি যতবারই ক্ষমতায় ছিল, ততবারই ব্যবসায়ীরা ভাল ও নিরাপদে ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। গতকাল শুক্রবার বাদ জুমা বরিশাল নগরীর ল’ কলেজ সংলগ্ন ইউরোপিয়ান ওয়ার্ক পারমিট ও ভিসা এক্সপার্ট পরিসেবা বিষয়ক সংস্থা ’স্কাই লাইন কনসালটেন্সি’ এর বরিশাল অফিস উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় রহমাতুল্লাহ বলেন, বিএনপি জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে ব্যবসায়ীদের নানামুখী সুবিধায়ও ইতিবাচক অনেক কার্যক্রম বাস্তবায়ন করেছে। স্বাধীনতার পরবর্তী দুর্ভিক্ষে পরিণত হয়েছিল দেশ। ওই সময়ে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছিল। তারা ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। এই ক্রান্তিলগ্ন থেকে উত্তরণে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে দুর্ভিক্ষের হাত থেকে দেশকে উদ্ধার করে সম্পদশালী একটি রাষ্ট্রে পরিণত করেছিলেন। ব্যবসায়ী বান্ধব সরকার গঠনে সক্ষম হয়েছিলেন তিনি।
তিনি আরও বলেন, এরই ধারবাহিকতায় পরবর্তীতে বেগম খালেদা জিয়া ব্যবসায়ীদের জন্য কল্যানমূলক অনেকগুলো পন্থার ব্যবস্থা করেছিলেন, যার সুফল দেশের ব্যবসায়ীরা এখনও ভোগ করছে।
রহমাতুল্লাহ বলেন, আগামী দিনে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার আলোকে বাংলাদেশ গঠন করতে পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক উন্নয়নশীল রাষ্ট্রে দেশকে পরিণত করা সম্ভব। ’স্কাই লাইন কনসালটেন্সি’ এর অফিস প্রধান বিশ্বজিৎ বসু (সুজন) এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাইয়ান ইশতি, স্বাধীনতা ফোরাম নগরের সদস্য সচিব নাজমুস সাকিব, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপি নেতা মনির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন ও ইলিয়াস আহমেদ, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, বরিশাল লঞ্চঘাট ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের আহবায়ক গোলাম রাব্বি প্রমুখ।
