উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই - ajkerparibartan.com
উদীচীর সভাপতি বদিউর রহমান আর নেই

4:32 pm , July 17, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি, বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক, সাহিত্যিক, অধ্যাপক বদিউর রহমান আর নেই। ১৬ জুলাই বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে শোকাহত দেশ ও বিদেশে উদীচীর সব জেলা শাখার শিল্পী-কর্মী-সংগঠকরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ১৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে নেয়া হয় অধ্যাপক বদিউর রহমান-এর মরদেহ। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে উদীচী কেন্দ্রীয় সংসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের এলামনাই এসোসিয়েশন এবং উদীচী ঢাকা মহানগর সংসদের অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা।
সেখানে দেয়া বক্তব্যে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “মৃত্যুর আগের দিন পর্যন্ত সংগঠনের কাজে সার্বক্ষণিক সক্রিয় ছিলেন অধ্যাপক বদিউর রহমান। ভালো-মন্দ, সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোন বিষয়ে সবসময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ কোন শারীরিক জটিলতা না থাকলেও তাঁর এই হঠাৎ মৃত্যুতে উদীচীর শিল্পী-কর্মী সহযোদ্ধারা হতবিহ্বল হয়ে পড়েছেন। তবে, শারীরিকভাবে বিদায় নিলেও যে আদর্শের বীজ অধ্যাপক বদিউর রহমান বপণ করে গেছেন সেটিকে ধারণ করেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠায় উদীচী আজীবন কাজ করবে”।
শ্রদ্ধাঞ্জলি পর্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবির সভাপতি কমরেড শাহ আলম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, অধ্যাপক এম এম আকাশ এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম। পরিবারের পক্ষ থেকে কথা বলেন অধ্যাপক বদিউর রহমান-এর বড় মেয়ে সুপা সাদিয়া। উদীচীর সংগঠন সঙ্গীত, আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে এবং কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় অধ্যাপক বদিউর রহমান-এর প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অধ্যাপক বদিউর রহমান-এর মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন স্বজন, পরিবার এবং সহযোদ্ধারা। সেখানে উদীচী জেলা কার্যালয়ে প্রথম শ্রদ্ধা জানানো হবে। এরপর বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে জানানো হবে নাগরিক শ্রদ্ধা। বীর মুক্তিযোদ্ধার প্রতি দেয়া হবে গার্ড অব অনার।
বদিরউর রহমানের মরদেহ বরিশাল পৌছলে প্রথমে তাকে উদীচী বরিশাল নাটক কার্যালয়ে নিয়ে শ্রষ শ্রদ্ধা জানানো হয়। এর পর সন্ধ্যার আগে তার মরদেহ বরিশাল শহীদ মিনারে নেয়া হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এর পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের নেতৃত্বে গার্ড অব অনার দেয়া হয়। এর পর মরদেহের উপর উদীচীর পতাকা দেয়া হয়। পরে বরিশালের সব সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর বাদ মাগরিব মুসলিম গোরস্থানের আঞ্জুমান ই হেমায়েত ইসলাম মাঠে তার নামাজে জানাজা অনুষ্টিত হয়। পরে তাকে মুসলিম গোরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক বদিউর রহমান-এর সংক্ষিপ্ত জীবন ও কর্ম:
১৯৪৭ সালে বরিশালে জন্ম নেয়া বদিউর রহমান একজন সাংস্কৃতিক সংগঠক, গবেষক এবং প্রাবন্ধিক হিসেবে দেশজুড়ে প্রসিদ্ধ। ১৯৭১ সালে শিক্ষকতার চাকরি ছেড়ে মহান মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর হয়ে দেশের ভেতরে মুক্তিযুদ্ধ সংগঠনে তার ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
স্বাধীনতা যুদ্ধে সক্রিয় ভূমিকা পালনের পর আবারও যুক্ত হন শিক্ষকতা পেশায়। ১৯৭২ সালে শুরু হয় উদীচীর সাথে তার পথচলা। জেলা ও শাখা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে অসামান্য অবদান রাখেন তিনি। তিন দশকেরও বেশি সময় তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ৪ জুন ২২ তম জাতীয় সম্মেলনের মাধ্যমে তিনি প্রথমবার উদীচীর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। সবশেষ ২০২৫ সালের ২০ জুন ২৩তম জাতীয় সম্মেলনে তিনি আবারও সভাপতি নির্বাচিত হন। দীর্ঘ পথচলায় তিনি সারাদেশে উদীচীর অসংখ্য শিল্পী-কর্মী-সংগঠকের অভিভাবক হয়ে ওঠেন। অধ্যাপক বদিউর রহমান-এর উল্লেখযোগ্য মৌলিক ও গবেষণা গ্রন্থের মধ্যে সাহিত্য স্বরুপ, ছন্দ অলঙ্কার রসতত্ত্ব, বাংলার চারণ মুকুন্দ দাস, রবীন্দ্রজীবনের আশি বছর, সাহিত্য-সংজ্ঞা অভিধান, পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া, সম্পাদনার ক্ষেত্রেও বিশেষ অবদান রেখেছেন বদিউর রহমান। তার সম্পাদিত সংকলনগুলোর মধ্যে সত্যেন সেন রচনাবলি প্রথম খ- থেকে অষ্টম খ-, সত্যেন সেন ধ্রুপদী গণ কথাশিল্পী, অগ্রন্থিত রণেশ দাশগুপ্ত, অশ্বিনীকুমার রচনা সংগ্রহ, মুকুন্দ দাসের যত লেখা, মুকুন্দ দাসের দেশগান, মাইকেল মধুসুদন দত্ত-এর প্রহসন ইত্যাদি পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে।শুধু গবেষণা বা সম্পাদনা নয়, অনুবাদ সাহিত্যেও বিশেষ দক্ষতা ছিল অধ্যাপক বদিউর রহমান-এর। তার অনুদিত গ্রন্থগুলোর মধ্যে, এরিস্টটলের পোয়েটিকস, লঙ্গিনাসের সাহিত্য-তত্ত্ব, হোরেসের আর্স পোয়েটিকা, প্লেটোর কাব্য ভাবনা, ইসলামের ঐতিহাসিক ভূমিকা, নয়া মানবতাবাদ, গণনাট্য, দ্য প্রফেট, দ্য ম্যাডম্যান, দ্য স্যন্ড এন্ড ফোম, দ্য প্রিন্স ইত্যাদি উল্লেখযোগ্য।
২০০৪ সালে শিক্ষকতা থেকে অবসরে যাওয়া অধ্যাপক বদিউর রহমান জীবদ্দশায় অসংখ্য ছাত্র, সাহিত্যানুরাগী, প্রগতিশীল সংস্কৃতি কর্মী, মননশীল চর্চায় আগ্রহী মানুষ তৈরির ক্ষেত্রে অবদান রেখেছেন। তার মতো অভিজ্ঞ ও প্রজ্ঞাবান সংগঠকের প্রয়াণে উদীচী একজন অভিভাবক হারালো।

 

 

 

 

 

 

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT