4:42 pm , July 14, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাথে জমি নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বরিশাল অডিটরিয়ামের সামনে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতি স্মারক নির্মান নিয়ে গত সোমবার রাতে জমি মাপ দেয় সিটি কর্পোরেশন। এ খবর পাওয়ার পর গতকাল সোমবার মোহামেডান ক্লাবের জমি বুঝে নিতে সেখানে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচী পালন করে। মোহামেডান ক্লাব রক্ষা কমিটির আহ্বায়ক ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবাায়েদুল হক চান বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ সরকারের আমলে জোরপূর্বক মোহামেডান স্পোর্টিং ক্লাবের জমি রাতের আধারে দখল করে তৎকালীন সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ওই জমি উদ্ধারে কমিটি গঠিত হয়। এমনকি সিটি কর্পোরেশন থেকে শুরু করে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আবেদন নিবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে মোহামেডান ক্লাবের জমি বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। আকস্মিকভাবে রবিবার ওই জমিতে জুলাই-আগস্ট স্মৃতিস্তম্ভ নির্মানে মাফ দেয় গণপূর্ত বিভাগ। খবর পেয়ে গতকাল মোহামেডান ক্লাবের জমি বুঝিয়ে দিতে সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। পরবর্তীতে সেখানে মুসলিম ইনস্টিটিউট থেকে মোহামেডান ক্লাবে দানকৃত ৩৩ শতাংশের মধ্যে ২২ শতাংশ মেপে বুঝিয়ে দেন। বাকী সম্পত্তি সিটি কর্পোরেশন থেকে নির্মিত বরিশাল অডিটরিয়ামের মধ্যে পড়েছে বলে দাবি করেন তিনি। মূলত ওই জমির মালিক হচ্ছে গণপূর্ত বিভাগ। আর গণপূর্ত বিভাগের জমিতেই নির্মিত হতে জুলাই-আগস্ট স্মৃতিস্তম্ভ। তারপর যেভাবে জমি দেয়া হয়েছে তা তারা মেনে নিয়েছেন বলে জানান এবায়েদুল হক চান। তিনি আরো বলেন, আমাদের ২২ শতাংশ জমি বুঝিয়ে দেয়ার পর গণপূর্ত বিভাগের যে জমি রয়েছে সেখানে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। তবে তাতে আমরা কোন বাধা দেইনি। বর্তমানে স্মৃতিস্তম্ভ নির্মানে কাজ চলমান রয়েছে। এবায়েদুল হক চান বলেন, পরিকল্পিতভাবে মোহামেডান ক্লাবের দালিলিক কাগজপত্র সরিয়ে ফেলা হয়েছে। এ কারনে সিটি কর্পোরেশন থেকে চাওয়া কাগজপত্র আবার সংগ্রহ করতে হবে। তবে এটা স্পষ্ট এ জমি পূর্বে ছিল মুসলিম ইনস্টিটিউটের। পরবর্তীতে তা মোহামেডান ক্লাবকে দান করা হয়। ওই দানপত্রের উপর ভিত্তি করেই ক্লাবটি পরিচালিত হয়ে আসছিল। এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ওই জমি মুসলিম ইনস্টিটিউটের। কোথাও দালিলিক প্রমান পাওয়া যায় না তা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে দান করা হয়েছে। মোহামেডান ক্লাবকে এর স্বপক্ষে দালিলিক কাগজপত্র দেখাতে বলা হয়েছে। তাহলে আর কোন সমস্যা থাকে না। তবে সেখানে মসুলিম ইনস্টিটিউটের জমি রয়েছে তা অস্বিকার করার কোন সুযোগ নেই। ২০২৩ সালের জানুয়ারী মাসে রাতের আধারে ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব গুঁড়িয়ে দেয় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। দক্ষিণাঞ্চলের ক্রীড়াঙ্গনে একসময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা মোহামেডান স্পোর্টিং ক্লাবটি ১৯৪২ সালে প্রতিষ্ঠা করা হয়। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশে জেলা পরিষদের ৩০ শতাংশ জমি বরাদ্দের অনুকূলে ক্লাব কার্যালয় ও কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব এ অঞ্চলের ফুটবল, ক্রিকেটসহ জাতীয় ও স্থানীয় খেলায় বিশেষ অবদান রেখেছে। এ ক্লাব থেকে আলোচিত খেলোয়াড়রা গড়ে উঠেছে। ক্লাবটি গুড়িয়ে দেয়ার সাদিক আব্দুল্লাহর সন্ত্রাসী বাহিনীর কারনে কেউ কোন টা-টু শব্দ পর্যন্ত করতে পারেনি। ৫ আগস্টের পর মোহামেডান ক্লাব রক্ষার্থে নতুন কমিটি গঠন করা হয়। ১৯৩৭ সালে তৎকালীন জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী ক্লাবের জন্য সদর রোড মৌজায় ৩৩ শতাংশ জমি দান করেন। ওই জমিতে ১৯৪২ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব স্থাপিত হয়। পরবর্তী সময়ে দলিল বিএস পর্চা অনুযায়ী এই জমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদকের অনুকূলে রেকর্ড হয়।
