4:38 pm , July 13, 2025
তরিকুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিবেদক ॥ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যে সরকার ১৬ বছর জোর করে ক্ষমতায় টিকে ছিল। মানুষের উপর এমন কোন নির্যাতন নাই যায় সরকার করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট এবং ভোটের অধিকার হরণ করেছিলো বিগত সরকার। তিন তিনবার আপনারা ভোট দিতে পারেননি। সেই কারনে মানুষ রাগ ও ক্রোধে রাজপথে নেমে এসেছে। সরকারের জুলুমের একটা সিস্টেম তৈরি করেছিল সেই সিস্টেমের পরিত্রাণ চাইতে মানুষ রাস্তায় নেমেছিল। গণ-অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম রাষ্ট্রের একটি সংস্কার লাগবে, আমরা পূর্বের দুর্নীতি এবং মাফিয়া অবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় স্লোগান ছিল ‘বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে’। সমাজে নানা ধরনের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, গরিবের সাথে বৈষম এই বৈষম্য দূর করতে হবে। জুলাই পদযাত্রার ১৩তম দিনে গতকাল রোববার পিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টায় পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে। পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে পথসভায় মিলিত হয় ।
নাহিদ ইসলাম আরো বলেন, এই গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে একটি সরকার পেয়েছি, সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি। এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। আমাদের সেই আহবানে সবাই সাড়া দেয় নাই। কেউ শুধু ক্ষমতা চাইছে, দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্ব পায়নি। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে, বিচার লাগবে, নতুন একটি সংবিধান লাগবে। সংস্কার বিচার নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব। দেশের অর্থনীতি দেশের সংস্কৃতি সবকিছু নতুন করে ঢেলে সাজাবো। সেজন্য আমরা এখন লড়াই করছি। জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের সাথে হয়তো অনেক দল মত ছিল, কিন্তু দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যেই তরুণরা যারা রাজপথে নেমেছিলাম, আমাদের আহবানে আপনারা যারা নেমেছিলেন, আমাদের আহবানে যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। আমরা রাজপথ থেকে সরে যেতে পারি না।
তিনি পিরোজপুরবাসীকে উদ্দেশ্য করে বলেন, আজকে পিরোজপুরে নদী ভাঙ্গন থেকে শুরু করে, মাদক কারবারি থেকে শুরু করে চাঁদাবাজি, দুর্নীতি, দখলদার নানা সমস্যায় মানুষ জর্জরিত। একটা গণ-অভ্যুত্থানের পরে আমরা আশা করিনি পিরোজপুরে মাদক কারবারি থাকবে, আমরা আশা করিনি পিরোজপুরে চাঁদাবাজ দখলদার থাকবে। ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসা করতে পারেনা। আপনারা ঢাকায় কী বীভৎস ঘটনা দেখেছেন। কিভাবে পাথর মেরে এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা এসেছি আপনাদের কাছে নতুন দেশ গড়ার আহবান নিয়ে, সেই শহীদদের রক্তের মূল্য শোধ করার আহবান নিয়ে, এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।
পথ সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।
