কাউখালীতে ভরা মৌসুমেও ইলিশের আকাল কাউখালীতে ভরা মৌসুমেও ইলিশের আকাল - ajkerparibartan.com
কাউখালীতে ভরা মৌসুমেও ইলিশের আকাল

4:55 pm , July 7, 2025

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীর কঁচা, সন্ধ্যা, কালিগঙ্গা ও গাবখান নদীতে ভরা মৌসুমেও ইলিশের আকাল দেখা দিয়েছে। জেলেরা নদীতে দিন-রাত জাল ফেলে আপ্রান চেষ্টা করলেও তাদের জালে মাছ ধরা পড়ছে না। ফলে জেলেদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা।
কাউখালীতে প্রায় ৮ হাজারেরও বেশী জেলে পরিবার রয়েছে। এসব জেলে বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল গড়ে নদীতে নেমেছেন। কিন্তু সারাদিন জাল ফেলেও মাছ না পাওয়ায় তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এখন অনেক জেলে নদীতে যাচ্ছেন না। নদীর তীরে নৌকায় বসে অলস সময় কাটাচ্ছেন। অন্য কোনো আয়ের উৎস না থাকায় বেকার হয়ে পড়েছেন উপজেলার হাজার হাজার জেলে। বেশীরভাগ জেলে আবার ব্যাংক ও এনজিও ঋণের কিস্তির ভয়ে বাড়িতে যাচ্ছেন না। তাদের পরিবারের সদস্যরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে।
সরেজমিনে জেলেপাড়ায় গিয়ে এক করুন চিত্র দেখা যায়। জেলে পরিবারের সদস্যরা জানান, ঋণের টাকা প্রতি সপ্তাহে পরিশোধ করতে হয়। তারা সংসার চালাতে পারছেন না কিস্তি দেবেন কিভাবে। এই চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। কাউখালীর ১ হাজার ৬৫০টি জেলে পরিবার সরকারি সাহায্য পেলেও তা জেলেদের সংখ্যার তুলনায় সামান্য। কাউখালী এলাকার ইলিশ জেলে ফোরকান মাঝি, আশুতোষ, লিটন, সোহাগ বলেন, তাদের একমাত্র পেশা ইলিশ ধরে বিক্রি করা এবং তা দিয়ে সংসার চালানো। ইলিশ মাছ নদীতে না পেয়ে তারা হতাশ। বর্তমানে সরকার সহজ শর্তে মৎস্য অধিদপ্তর থেকে লোন দিলে এই করুন অবস্থা থেকে রেহাই পাওয়া যাবে। বাজারে ৫০০-৭০০ গ্রাম ওজনের প্রতি কেজি ১৫শ টাকা থেকে ১৮শ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ ২৫শ টাকা। বাজারের ইলিশ মাছ কিনতে আসা ক্রেতা মাহফুজুর রহমান বলেন, ইলিশ মাছ বর্তমানে সোনার হরিণ হয়ে গেছে। বর্তমানে ইলিশের মৌসুম কিন্তু ইলিশ বাজারে মিলছেনা। সাধারন ক্রেতাদের নাগালের বাইরে ইলিশের দাম।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উপজেলার জেলেদেরকে পুনর্র্বাসনের জন্য প্রতি মাসে ৪০ কেজি চাল দেয়া হচ্ছে। এছাড়া বিকল্প কমূসূচির মধ্যে রয়েছে বকনা বাছুর ও ছাগলসহ বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT