আষাঢ়ী বর্ষণে বরিশালের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত আষাঢ়ী বর্ষণে বরিশালের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত - ajkerparibartan.com
আষাঢ়ী বর্ষণে বরিশালের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত

4:51 pm , July 7, 2025

বিশেষ প্রতিবেদক ॥ আসন্ন পূর্ণিমার ভরা কাটাল সামনে রেখে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আষাঢ়ী বর্ষণে সমগ্র বরিশাল অঞ্চলের স্বাভাবিক জনজীবন অনেকটাই বিপর্যস্ত। একদিন বাড়তি ছুটি কাটিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসেও দিনভর মাঝারী বর্ষণে জনজীবনে স্বস্তি ছিলো না। আবহাওয়া বিভাগ থেকে রোববারের মত সোমবার সকাল ১০টা থেকে পরবর্তি ২৪ ঘন্টায় বরিশাল সহ দক্ষিণ উপকূলজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি রাখা হয়েছে। বরিশাল সহ এ অঞ্চলের সবগুলো নদী বন্দরে ১নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হলেও উপকূলীয় এলাকা সহ বন্দর এলাকার ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাবার আশংকায় পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখা হয়েছে। বরিশাল উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরারত সব নৌকা ও ট্রলারসমুহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।
আমনের ভরা মৌসুমে বীজতলা তৈরী, উত্তোলন ও রোপনের এ সময়ে মাঠে মাঠে কৃষকের এখন যথেষ্ট ব্যস্ততা । চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলে প্রায় ২৪ লাখ টন চাল ঘরে তোলার লক্ষ্যে ইতোমধ্যে বীজতলা তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছু কিছু এলাকায় রোপনও শুরু হয়েছে। আগষ্টের মধ্যভাগ পর্যন্ত বরিশাল অঞ্চলের প্রধান দানাদার খাদ্য ফসল আমন রোপন অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে স্বাভাবিক বৃষ্টি এ অঞ্চলের কৃষি অর্থনীতির জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ তৈরী করবে বলে মনে করছেন কৃষিবীদরা। এখনো সমগ্র দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি ও প্রবাহ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। রোববার সকাল ৯টার পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাতের পরে সোমবার সকাল পর্যন্ত আরো ৩৩ মিলি এবং সন্ধ্য ৬টা পর্যন্ত আরো প্রায় ১৬ মিলি বৃষ্টি হয়েছে বরিশালে। উপকূল সংলগ্ন খেপুপাড়াতে রোববার সকালে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার পরে সোমবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় আরো ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে জুনমাসে বরিশালে স্বাভাবিক ৪৬৫ মিলিমিটারের স্থলে ৫২৩ মিলি বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের ১২.৩% বেশী হলেও সারাদেশে সামগ্রিক বৃষ্টিপাতের পরিমান ছিল স্বাভাবিকের ১৯.৩% কম। চলতি মাসেও বরিশালে স্বাভাবিক ৪৩৫ মিলিমিটারের স্থলে বরিশালে ৪৯০ থেকে ৫৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া বিভাগ।  ইতোমধ্যে মাসের প্রথম সপ্তাহে বরিশালে প্রায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জুনমাসের প্রথম পক্ষে জৈষ্ঠের শেষ ১৫ দিনে বরিশালে ১৬৫ মিলিমিটার বৃষ্টি হলেও শেষ পক্ষে আষাঢ়ের প্রথম ১৫ দিনে বৃষ্টিপাতের পরিমান ছিল ৩২২ মিলি।
এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে বরিশাল সহ দক্ষিণ উপকূলীয় এলাকায় মাঝারী অবস্থায় থাকলেও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় বরিশাল সহ উপকূলীয় এলাকায় মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া বিভাগ।
গতবছর ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড় ‘দানা’ দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে ভারতের ভুবনেশ^র কোলকাতার মধ্যবর্তি এলাকা অতিক্রমকালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলজুড়ে বৃষ্টিপাতের পরে জুনের প্রথম সপ্তাহেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ থেকে সুস্পষ্ট লঘুচাপ নি¤œচাপের রুপ নিলে মাঝারী বর্ষণ প্রত্যক্ষ করে দক্ষিণাঞ্চলের মানুষ।
আবহাওয়া বিভাগের হিসেবে গতবছর নভেম্বর থেকে টানা অনাবৃষ্টির পরে গত মে মাসে বরিশালে স্বাভাবিক ২৩৯ মিলিমিটারের স্থলে বৃষ্টিপাতের পরিমান ছিল ২৯৮ মিলিমিটর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT