4:49 pm , February 9, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার শেষ হলো বৈঠাকাটা সমিতি ঢাকার বাৎসরিক মিলনমেলা। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, আজীবন সদস্য, উপদেষ্টা পরিষদ, সমিতির সদস্যবৃন্দ ও বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন। মিলনমেলায় সর্বসম্মতিক্রমে পিরোজপুর জেলার বৈঠাকাটাকে একটি পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পিরোজপুর ও বরিশাল জেলার নাজিরপুর, স্বরুপকাঠী ও বানারীপাড়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত বৈঠাকাটাকে একটি পুর্নাঙ্গ উপজেলায় উন্নীতকরণের দাবি এ এলাকার মানুষের দীর্ঘদিনের। সমিতির আলোচনা সভায় এ অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক বৈচিত্র এবং দূরবর্তী ইউনিয়ন সমূহের মানুষের জন্য উন্নততর সেবা প্রদানের প্রয়োজনীতা দেখা দেওয়ায় প্রস্তাবিত উপজেলাটি স্থানীয় মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। উপজেলার দাবি বাস্তবায়ন হলে এলাকার অর্থনৈতিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। বৈঠাকাটা ও পাশ্ববর্তী অঞ্চলের ভাসমান সবজি চাষ আন্তর্জাতিক হেরিটেজ হিসেবে স্বীকৃত। উপজেলা বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
প্রস্তাবিত বৈঠাকাটা উপজেলা বাস্তবায়নে করণীয় বিষয়ে একটি রূপরেখা তুলে ধরেন দৈনিক ইত্তেফাক এর পিরোজপুর প্রতিনিধি মনিরুজ্জামান নাসিম আলী, সমিতির সভাপতি নিজামুলি কবীর ও প্রধান উপদেষ্টা এবিএম আনিসুজ্জামান।
