4:07 pm , October 16, 2024
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪কোটি ৫১লাখ টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে। ভিত্তি প্রস্তর উদ্বোধনের ৬ বছরেও কাজ শুরু না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। পাইলিং এর জন্য নামমাত্র কিছু ব্লক ও জিও ব্যাগ ৪ বছর আগে নির্মাণ করে খাদ্য গুদামের সামনে রেখে দেওয়া হয়। ব্লকগুলো এখন শ্যাওলা, আবর্জনা স্তুপে পরিনত হয়েছে। কবে নাগাদ পাইলিং এর কাজ শুরু হবে, তা কেউ সঠিকভাবে বলতে পারছেন না। সন্ধ্যার তীব্র ভাঙ্গন বর্তমান থাকায় যেকোন সময় বিলীন হতে পারে কাউখালীর ঐতিহ্যবাহী খাদ্য গুদামের ৫টি ভবন। সরকারের গ্রামীন জনগোষ্ঠীর জন্য গ্রামীন অবকাঠামো উন্নয়ন যেমন রাস্তা-ঘাট, বেড়িবাধ, খাল খনন, মাটিকাটা সহ বিভিন্ন কাজের শ্রমিকদের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করা হতো এখান থেকে। এই গুদামে সংরক্ষণ করা খাদ্য সামগ্রী উপকারভোগীদের মাঝে বিতরণ করা হতো। নদী ভাঙ্গনের কারণে খাদ্য গুদামের বাউন্ডারি ওয়াল, প্রবেশ পথ ও জেটি সহ রাস্তা বহু আগেই নদী বিলীন হয়েছে। এখন সীমানা প্রাচীরও ভেঙ্গে নদীতে তলিয়ে গেছে। নদী ভাঙ্গনের কবলে পড়েছে মূল খাদ্য গুদামের ভবন। সীমানা প্রাচীর না থাকায় সরকারি বহু মূল্যবান সম্পদ ঝুঁকিতে রয়েছে। খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম জানান, কাউখালী খাদ্য গুদাম অরক্ষিত এলাকা। দ্রুত কাজ না করলে যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাবে। পানি উন্নয় বোর্ড সূত্রে জানা যায়, সন্ধ্যা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় ২০১৮ সালে ৪ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ব্যাপারে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নুসাইর হোসেন বলেন, কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।
