4:08 pm , July 3, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে একটি কোল্ড ষ্টোরেজ ও সেখানে ডিম মজুদ করা ৬ পাইকারী বিক্রেতাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার দুপুরে অভিযান করে পৃথক দুই আইনে জরিমানা করা হয় বলে ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানিয়েছেন। জরিমানা দেয়া ডিমের পাইকারী বিক্রেতারা হলো- ফারুক হাওলাদার, ইমাদুল আকন, শহীদুল ইসলাম, মো. মুনসুর ও মো. হাবিব। কোল্ড স্টোরেজটি হলো- নগরীর নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ড ষ্টোরেজ।
ভোক্তা অধিকারের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এবং বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত যৌথভাবে নগরীর নিউ হাটখোলা এলাকায় এ আর খান কোল্ড ষ্টোরেজে অভিযান করেন। তারা ওই কোল্ড ষ্টোরেজে আড়াই লাখ হাঁস ও মুরগীর ডিম মজুদ পেয়েছেন। পরে কোল্ড ষ্টোরেজে ডিম মজুদকারী পাইকারী বিক্রেতাদের খবর দেয়া হয়।
ডিমের পাইকারী বিক্রেতারা কালোবাজারে বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির জন্য মজুদ করেনি বলে দাবি করেছে।
তবুও ভোক্তা অধিকার আইনে ৬ পাইকারী বিক্রেতাকে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাঁসের ডিম ৭ দিন ও মুরগীর ডিম তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া কোল্ড ষ্টোরেজের লাইসেন্স না থাকায় বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমান হাকিম হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
নির্বাহী হাকিম মো. শাহরুখ আলম শান্তনু বলেন, কোল্ড ষ্টোরেজটি নতুন করা হয়েছে। তাই তারা এখনো লাইসেন্স নেয়নি। তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও তাদের প্রাথমিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
