4:49 pm , June 9, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ চাকুরিতে কোটা বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে বিক্ষোভ করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধা ঘন্টা বরিশাল-কুয়াকাটা-ভোলা মহাসড়ক অবরোধ করে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে পৃথক এ কর্মসুচী পালন করে দুই শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব হোসেন জানান, বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’’- ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। বরিশাল বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কর্মী ও বরিশাল বিশ্ববিদ্যালয় পদাতিকের সভাপতি ভূমিকা সরকার কোটা বাতিল চেয়ে বলেন, আমি নারী হিসেবে চাই নারী কোটাও না থাকুক। এর মাধ্যমে নারীদেরকে ছোট করা হয়। আন্দোলনে আসা আরেক শিক্ষার্থী রিয়াদ হোসেন বলেন, ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের মূল কারণ ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। সেই একই বৈষম্য আমরা দেখতে পাচ্ছি কোটা ধারী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। মেহরাব জানান, আধা ঘন্টা বিক্ষোভ শেষে সড়ক ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১টার দিকে কোটা বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে বিএম কলেজ শিক্ষার্থীরা। এ সময় তারা কোটা পদ্ধতি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ২০১৮ সালের রায় বহাল চায় শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে জিরো পয়েন্ট এসে শেষ করেছে।##
