3:46 pm , January 23, 2024
মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলায় একই রাতে দুটি সরকারি অফিসে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। তবে অফিসে সিসি ক্যামেরা আর নাইটগার্ড না থাকায় নানা প্রশ্ন উঠেছে। জানা গেছে, রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আর উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা নিজ নিজ অফিসে কাজ শেষ করে অফিস বন্ধ করে কর্মকর্তারা বাসায় চলে যান। পরের দিন সকাল ৯টায় শিক্ষা অফিস সহায়ক মিঠুন চন্দ্র মাঝি অফিসের তালা খোলার জন্য দরজার কাছে গিয়ে দেখতে পান তালা ভাঙা। ভেতরে ঢুকে আলমিরাসহ টেবিলের ড্রয়ারের তালাও ভাঙা দেখতে পান। তবে ডেক্সটপ কম্পিউটার ও ল্যাপটপ অক্ষত অবস্থায় আছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগো পতি রায় এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানকে মুঠোফোনে অবহিত করেন। খগোপতি রায় জানান, তিনি চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিছুল ইসলাম এবং মেহেন্দিগঞ্জ থানাকে অবহিত করেন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছেও জানান তিনি । তিনি আরও জানান, চোরচক্র ৫টি আলমারি ও ২টি টেবিলের ড্রয়ার ভেঙেছে। অফিসে ১ হাজার ২১৩ জন শিক্ষকের সার্ভিস বুকসহ গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র আলমিরা ও ড্রয়ারে সংরক্ষিত ছিল। এরমধ্য থেকে কোনো কিছু খোয়া গেছে কিনা সেটি খতিয়ে দেখার কাজ চলতেছে বলেও জানান তিনি। থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক গণমাধ্যম কর্মীদের জানান এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন।
