3:15 pm , November 10, 2023
বাবুগঞ্জ প্রতিবেদক ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার ১০ নভেম্বর বেলা ১১ টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে ৪ নভেম্বর সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এরপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান তিনি।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টুডের সম্পাদক প্রফেসর ড. জোবায়ের আলম,বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁও এর সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল এর পরিচালক ড.মোঃ মতিউর রহমান, ঢাবি শিক্ষক সমিতির নেতারা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিস প্রধান, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ভিসি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশ ও জাতির আশা-আকাঙ্খার প্রতীক। এ দেশের সব অর্জনের পেছনে এই বিশ্ববিদ্যালয়ের অনন্য অবদান রয়েছে। বিশ্ব মানচিত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য বলেন, গুণগত শিক্ষা, মৌলিক গবেষণা, সৃজনশীল ও উদ্ভাবনী কাজের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ভাবমূর্তি, সুনাম ও মযার্দা সমুন্নত রাখতে সার্বিক সহযোগিতা করার জন্য উপাচার্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
