বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - ajkerparibartan.com
বিএনপির ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

3:10 pm , November 10, 2023

গৌরনদীতে কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ
গৌরনদী প্রতিবেদক ॥ গৌরনদীতে বিস্কুটবাহী কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নামধারী ৩৫ নেতাকর্মীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় মামলাটি করা হয়। মামলার বাদী হয়েছেন গৌরনদী উপজেলার  বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রেমন তালুকদার ওরফে কালু। মামলার আসামীরা হলেন : গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাদল, পৌর বিএনপির আহবায়ক মো. জাকির শরীফ, সদস্য ফরিদ মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, বরিশাল জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার,  সদস্য সচিব মনির আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, যুগ্ম আহবায়ক আল আমিন, পৌর যুবদলের সদস্য সচিব মাহতাব সরদার, যুগ্ম আহবায়ক জুয়েল সরদার, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, উপজেলা বিএনপির সদস্য পান্না সরদার, আহসান হাবিব, শয়ন ফকির, রাজীব হাওলাদার, জনি বেপারী, খলিল হাওলাদার, সাইফুল মীর, মোঃ বিপ্লব, মাকসুদ মৃধা, দেলোয়ার সরদার, মিরাজ খান, মোঃ আতিক,  সুমন বেপারী ও হৃদয় বেপারী। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে হামলা-মামলার কারনে বিএনপি ও সহযোগী সংগঠনের একটি নেতাকর্মীও এলাকায় থাকতে পারে না। এমনকি আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি  নেতাকর্মীর বাড়িতে হামলা করে নেতাদের না পেয়ে পরিবার পরিজনকে পিটিয়ে আহত করে এলাকা ছাড়া করছে। বিএনপি নেতাদের অভিযোগ মিথ্যা দাবি করে  গৌরনদী উপজেলা আওয়ামী লীগের  সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, বিএনপির অভিযোগের কোন সত্যতা নেই।  বিএনপি আগুন  সন্ত্রাসীর একটি দল। জনগনকে পুড়িয়ে মারাই তাদের কাজ।
মামলা সুত্রে জানা গেছে, বরিশাল শিল্প নগরী (বিসিক) থেকে বেঙ্গল বিস্কুট  ভর্তি করে মৌলভীবাজারের  উদ্দেশ্যে কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৩-৩২৪৫) চালক মো. সিরাজুল ইসলাম বুধবার রাত সোয়া ১০টায় রওয়ানা দেয়।  রাত পৌনে ১২টায় মহাসড়কের গৌরনদীর বাটাজোর কবি বাড়ির দক্ষিন পাশে পৌছলে একটি গাছের গুড়ি ফেলে ৬/৭  ব্যক্তি গতিরোধ করে।  এ সময় চালক গাড়ি ব্রেক করার সঙ্গে সঙ্গে দুইজন গাড়ি ভাংচুর করে এবং দুইজন গাড়িতে পেট্রোল দিয়ে আগুন দেয়। চালক প্রান রক্ষায় দরজা খুলে বের হতে চাইলে দুইজন এসে তাকে গাড়ি থেকে নামতে বাধা দিয়ে বলে  ‘তোরেসহ আগুনে পুড়িয়ে মারা হবে’। যখন আগুন চালকের কাছাকাছি আসে তখন খন জীবনের ঝুঁকি নিয়ে সে ও সহকারী আহাদ হোসেন জানালা দিয়ে লাফিয়ে পড়ে।
সঙ্গে সঙ্গে দুই দুর্বৃত্ত এসে চালকের শরীরে এক বোতল পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে। চালক শরীরে আগুন দেয়ার আগেই  দৌঁড়ে প্রান রক্ষা করেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, নাশকতা সৃষ্টি করে জনমনে ভীতি সৃষ্টি ও ক্ষতিসাধন করা কাউকে ছাড় দেয়া হবে। এ ঘটনায় করা মামলার আসামি উপজেলার সরিকল এলাকা থেকে বিএনপি কর্মী মিরাজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT