3:59 pm , November 9, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর গত ৫ বছরে সবচেয়ে সুবিধা ভোগ করা কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই রাতারাতি নিজেদের বদলে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাদিক আবদুল্লাহর শেষ কর্মদিবসে নগরভবনে তাদের অনুপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই কেউ কেউ বলেছেন ওরে পল্ডিরে…। প্রয়াত মেয়র আহসান হাবিব কামালের সময়ে পরিসংখ্যানবিদ হিসেবে নগরভবনে যোগদান করা স্বপন কুমার রোহান বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহর বিশ্বস্ত সহচর হিসেবে এতোদিন মূল পদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সাদিক আবদুল্লাহর বদৌলতে নিয়ম-নীতি উপেক্ষা করে কিছুদিন আগে তিনি প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়মিত হয়েছেন। মেয়রের আস্থাভাজন হওয়ার সুবাদে গত ৫ বছরে বিপুল অর্থ সম্পদের মালিক বনে যাওয়া স্বপন সাদিক আবদুল্লাহর বিদায়ী সংবর্ধনার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করলেও গতকাল তিনি অজ্ঞাত কারনে নগরভবনের আয়োজনে অনুপস্থিত ছিলেন। একটি সূত্র জানিয়েছে গত মঙ্গলবার রাত থেকেই স্বপন আত্মগোপনে চলে যান। মোবাইলেও তাকে পাওয়া যাচ্ছিলোনা। গতকাল নগরভবনে তার অনুপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। কেউ কেউ মন্তব্য করেন চাকুরী টিকিয়ে রাখতে স্বপন পক্ষ ত্যাগ করছেন। এদিকে স্বপনের পাশাপাশি গতকালের আয়োজনে প্রধান নগর পরিকল্পনাবিদ হিসেবে সাদিক আবদুল্লাহর সময়ে চলতি দায়িত্ব পালন করা সানজিদ হোসেনও অনুপস্থিত ছিলেন। এছাড়া সাদিক আবদুল্লাহর শেষ সময়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পাওয়া ওমর ফারুককেও নগর ভবনে দেখা যায়নি। একজন সহকারী হয়েও সাদিক আবদুল্লাহর সময়ে উপ-কর কর্মকর্তার দায়িত্ব পালন করা কর আদায় শাখার মোখলেছুর রহমান নগর ভবনে উপস্থিত থাকলেও সার্বিক আয়োজনের সময় নিজ শাখাতেই বসে ছিলেন। এছাড়া সাদিক আবদুল্লাহর দায়িত্বপালন কালীন সময়ে বিভিন্নভাবে সুবিধা গ্রহন করে বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অনেকেই বিদায়ী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তাদের অনুপস্থিতি নিয়ে গতকাল নগর ভবনে উপস্থিত অনেকেই বিরুপ মন্তব্য করতে দেখা গেছে।
