4:04 pm , November 8, 2023
বিশেষ প্রতিবেদক ॥ ‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।।’ প্রয়াত ছড়াকার আলম তালুকদার এর লেখা পঙক্তি দিয়েই বইয়ের গুরুত্ব তুলে ধরে জাতীয় গ্রন্থকেন্দ্র এর পরিচালক কবি ও সাহিত্যিক মিনার মনসুর বলেন, বরিশালসহ আটটি বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে এখন পর্যন্ত। আগামী মার্চের মধ্যে আরো দুটি বইমেলার আয়োজন করবো জাতীয় গ্রন্থকেন্দ্র। প্রতিটি বিভাগে বইমেলার আয়োজন নিয়মিত করতে চান তিনি। পাশেই ছিলেন পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আইউব। তিনি জানালেন, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির আওতাধীন ৪৭টি প্রকাশনী সংস্থা বরিশালের এই বইমেলায় অংশ নিয়েছে। আমরাও চাই নিয়মিত প্রতিটি বিভাগে এই বইমেলার আয়োজন হোক।
বুধবার বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ওই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। ফিতা কেটে ফেস্টুন উড়িয়ে তিনি যখন বইমেলার উদ্বোধন করছেন তখন বঙ্গবন্ধু উদ্যানের মাঠে ৭০ টির বেশি স্টলে দর্শক পাঠকের ভিড় ছিল লক্ষনীয়। ঢাকার উল্লেখযোগ্য প্রকাশনী গুলো হলো : অনন্যা, অন্যপ্রকাশ, নালন্দা আহমদ পাবলিশিং, শিরিন পাবলিশার্স। পৃথকভাবে ছিল বরিশাল রিপোর্টার্স ইউনিটি।
উদ্বোধন পর্ব শেষে মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতি বিভাগীয় কমিশনার শওকত আলী বলেন, পৃথিবীতে আজ পর্যন্ত যত জ্ঞানী-গুণী জন্মগ্রহণ করেছেন তারা সবাই বই পড়েছেন। বই পড়েছেন বলেই তারা ইতিহাসের সাক্ষী হয়েছেন।
তিনি মোবাইল রেখে বই পড়ার আহ্বান জানিয়ে প্রতিটি স্কুল ও কলেজে পাঠ্যবই পড়ার পাশাপাশি বাহ্যিক বই গল্প, উপন্যাস, কবিতা পড়তে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
প্রায় একই বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। তিনি বলেন, বরিশালের প্রতিটি হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে সাতদিনের এই বইমেলা।
বইমেলার সমন্বয়ক বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও কথাসাহিত্যিক মনদীপ ঘরাই এসময় প্রধান অতিথি ও বইমেলার উদ্বোধক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপির আসতে না পারার কারণ ব্যাখ্যা করেন এবং প্রতিমন্ত্রীর সহধর্মিণীর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) পারভেজ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সপ্তাহব্যাপী এই বইমেলায় বিভাগীয় গ্রন্থাগার, জাতীয় গ্রন্থকেন্দ্রসহ সরকারি বিভিন্ন দপ্তরের ১৯ টি প্রতিষ্ঠান রয়েছে । ঢাকা ও অন্যান্য জেলা থেকে স্বনামধন্য ৪৭ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এছাড়াও স্থানীয় সাহিত্য সংগঠন, নিউজ মিডিয়া, খাবারের স্টলও রাখা হয়েছে বলে জানান কথাসাহিত্যিক ও বইমেলার সমন্বয়ক মনদীপ ঘরাই।
তিনি আরো জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এবং বরিশাল বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বরিশাল বিভাগীয় এই বইমেলা আগামী ০৮-১৪ নভেম্বর প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে।
