3:47 pm , November 6, 2023
মো. নাসির উদ্দিন খান, বাউফল ॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের দা’ এর কোপে বড় ভাই আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মরহুম হাফেজ মৌলভীর বাড়িতে এই ঘটনা ঘটে।
খুন হওয়া রুহুল আমিন আকন (৫৫) উত্তর দাসপাড়া গ্রামের মৃত হাফেজ মৌলভীর ছেলে। রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার ও ইউপির ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন থেকে রুহুল আমিনের সঙ্গে তার ছোট ভাই রেজাউল করিম আকনের পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিলো। দুপুরে ছোট ভাই রেজাউল তার অংশের সম্পত্তি বন্টন করে দেওয়ার জন্য বড় ভাই রুহুল আমিনকে অনুরোধ করেন। এ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে দুই ভাই ঘর থেকে দুইটি ধারালো দা এনে উভয়কে আক্রমন করেন। ঘটনার সময় তাদের ভাগ্নে রুবেল এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে ৩ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিম ও তাদের ভাগ্নে রুবেলকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দিবা দেবনাথ আজকের পরিবর্তনকে বলেন, নিহত ও আহতদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রেজাউল ও রুবেল পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে।
