4:03 pm , November 5, 2023
বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় উদয়কাঠি ইউনিয়নের গোয়ালিয়ার পাড় নামক স্থানে বাকী পাওনা টাকা চাওয়ায় আ.খালেক বেপারী (৭৫) নামের এক বৃদ্ধ চা দোকানীকে পিটিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে ৪ নভেম্বর শনিবার রাতে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের তেতলা গ্রামের দুই সহোদর মো. রবিউল ইসলাম ও মো. শরীফকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের গোয়ালিয়ার পাড় নামক স্থানে বৃদ্ধ আ. খালেক বেপারীর একটি চায়ের দোকান রয়েছে। একই এলাকার শাহজাহান বেপারীর ছেলে রবিউল বিভিন্ন সময় ওই চায়ের দোকান থেকে বাকীতে চা সহ ২২৮০ টাকার খাবার খান। দীর্ঘদিনেও ওই পাওনা টাকা পরিশোধ না করে রবিউল দোকানী খালেক বেপারীকে ঘুরাতে থাকে। খালেক বেপারী শনিবার সকাল ১০ টার দিকে রবিউলের বাড়িতে টাকা চাইতে গেলে তিনি ওই দোকানীকে অকথ্য ভাষায় গালাগালা করে পাওনা টাকা পরিশোধ না করার কথা বলে। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রবিউল ও তার ভাই শরীফ দোকানীকে পিটিয়ে আহত করে। এসময় খালেক বেপারীর ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আ. খালেক বেপারী বাদী হয়ে রবিউল ও তার ভাই শরিফকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
