বানারীপাড়ায় ককটেলসহ আটক বিএনপির ৬ নেতাকর্মী জেলে বানারীপাড়ায় ককটেলসহ আটক বিএনপির ৬ নেতাকর্মী জেলে - ajkerparibartan.com
বানারীপাড়ায় ককটেলসহ আটক বিএনপির ৬ নেতাকর্মী জেলে

3:22 pm , November 2, 2023

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলা থেকে ককটেলসহ আটক বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে আদালত। পুলিশের করা মামলায় বৃহস্পতিবার বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমাইয়া রেজভী মৌরি জেলে পাঠিয়েছে বলে জিআরও এএসআই মো. শহিদুল ইসলাম জানিয়েছেন। আসামীরা হলো- বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ফারুক, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, সদস্য নাসির ফকির, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, বানারীপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জন মোল্লা। জিআরও এসআই শহীদুল ইসলাম জানান, বানারীপাড়া থানার পুলিশের করা মামলার আসামী হিসেবে ৬ আসামীকে আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম জেলে পাঠানোর আদেশ দিয়েছেন। বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী জানান, বুধবার রাত ৯টার দিকে বানারীপাড়ার উপজেলার কলেজ মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে নাশকতার চেষ্টাকারীরা পালানোর সময় ৫টি ককটেলসহ ৬ নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় বিস্ফোরক দ্রব্যেসহ বিশেষ ক্ষমতা আইনে নামধারী ১২ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামী করে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, পালিয়ে যাওয়া আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বানারীপাড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আ. সালাম বলেন, বিষয়টি সম্পূর্ন রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে নেতা-কর্মীদের আটক করে। পরে ককটেল দিয়ে মামলা দিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT