4:33 pm , October 31, 2023
মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিএনপি নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। গতকাল মঙ্গলবার অবরোধের সমর্থনে কোনো মিছিল কিংবা অবস্থান ছিলো না তাদের। এনিয়ে বিএনপিরর তৃণমূলের কর্মীরাই হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবী, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব নির্দেশণা না দেওয়ায় কর্মীরা বের হননি। আর নেতাদের দাবি, কর্মসূচিতে রাস্তায় বের হলে পুলিশ ও আওয়ামী লীগ হামলা করে, গুলি চালায়। তাই কর্মীদের নিরাপত্তার স্বার্থে কাউকে মাঠে নামানো হয়নি।
জানা গেছে, ঢাকার মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও অনেক নেতা- কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ৩ দিনের অবরোধ কর্মসূচি দেয় কেন্দ্রিয় বিএনপি। কর্মীদের মাঠে থেকে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে বলে জানান দলীয় কর্মীরা। কিন্তু মুলাদী উপজেলায় বিএনপির কোনো কর্মসূচি পালন হয়নি বলে জানিয়েছেন দলীয় কয়েকজন নেতা। ফলে উপজেলা যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।
মুলাদী সদর ইউনিয়ন বিএনপি কর্মী আব্দুল খালেক বলেন, উপজেলা বিএনপি কোনো কর্মসূচি পালন করেননি। এমনকি বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভাটিও তারা উপজেলা সদরে করতে পারেননি। নেতারা তৃণমুল কর্মীদের নির্দেশনা দিলে সবাই স্বতস্ফুর্ত ভাবে অবরোধ কর্মসূচি পালন করতো।
এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন বলেন, পুলিশ নির্বিচারে গুলি চালায়, আওয়ামী লীগ-ছাত্রলীগ হামলা করে। কর্মীদের জীবনের কথা চিন্তা করে সহিংসতা এড়াতে অবরোধ কর্মসূচি বাস্তবায়নে কাউকে নির্দেশণা দেওয়া হয়নি। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, মঙ্গলবার অবরোধে উপজেলায় বিএনপির কোনো অবস্থান কিংবা সহিংসতার খবর পাওয়া যায়নি।
