3:56 pm , October 29, 2023
লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের লালমোহন গজারিয়া এলাকায় রাতের আঁধারে খাল দখলের জন্য আরসিসি পিলার বসানো হয়েছে। দু’দিন আগে বসানো এই পিলার দেখে এলাকায় চলছে তোলপাড়। এনিয়ে স্থানীয় জনসাধারণ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন প্রতিকার হয়নি। জানা গেছে, ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। এই অবস্থায় রাস্তার পাশে খাল থাকায় রাস্তার কাজের ঠিকাদার খালের স্লোপে আরসিসি ঢালাইর কাজ করে। ওই স্লোপ ভেঙ্গে বৃহস্পতিবার রাতে দখলদাররা খালের পাড়ে আরসিসি পিলার নির্মাণ করে। ভবিষ্যতে খালের মধ্যে আরেকটি পিলার করে দখলদাররা খালের উপর স্থাপনা নির্মাণ করার পরিকল্পনা নেয়। স্থানীয় গজারিয়া ৮নং ওয়ার্ডের রফিক এর ছেলে রাজু ও তার ভাই সহ আরো কয়েকজন এই দখল প্রক্রিয়ার সাথে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় ভোলা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, খালটি দখল হয়ে গেলে কৃষি কাজের জন্য পর্যাপ্ত সেচ ব্যবস্থা থেকে বঞ্চিত হবে কৃষকরা। এতে কৃষি কাজের জন্য ক্ষতির আশংকা রয়েছে। অভিযোগকারীরা বাধা দিলে তাদের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম জানান, জায়গাটি জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের আওতায়। তাদের কাছে অভিযোগ দিতে হবে।
