3:32 pm , October 25, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কেটে যাওয়ায় সাড়ে ২১ ঘণ্টা পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন । তিনি জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করেন সংশ্লিষ্টরা। এর আগে ঘূর্ণিঝড় হামুনের কারণে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করে ঘূর্ণিঝড় হামুন এবং রাত ১টার দিকে এটি শান্ত হয়ে স্থল নি¤œচাপে পরিণত হয়। হামুনের প্রভাবে মঙ্গলবার দিনভর বরিশালের আকাশ মেঘলা ছিল। কিন্তু বুধবার সকাল থেকেই রৌদ্রজ্জল আবহাওয়া বিরাজ করছে।
