4:12 pm , October 19, 2023
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে কছির হাওলাদারকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। আব্দুর রব হাওলাদার হত্যা মামলার আসামীর লোকজন এই হত্যাচেষ্টা চালায়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ আবুল কালাম ওরফে কলম সরদারের ছেলে জাহিদ সরদারকে গ্রেপ্তার করেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুর রব হাওলাদার হত্যা মামলার বাদী আব্বাস হাওলাদার জানান, মামলার আসামী কামাল সরদার, জামাল সরদার, মানিক সরদার ও তোতা সরদার গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। কয়েকদিন ধরে আসামীদের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিলো। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার ছোট ভাই ও মামলার সাক্ষী কছির হাওলাদার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে প্যাদারহাট বন্দরে যাচ্ছিলেন। কছির বাদামতলা এলাকায় পৌঁছলে কামাল সরদারের ভাই জাহিদ সরদার (২২) লোকজন নিয়ে পথরোধ করে। পরে জাহিদ রামদা নিয়ে ধাওয়া করে কছিরকে হত্যার চেষ্টা চালায়। ওই সময় স্থানীয় লোকজন কছিরকে রক্ষা করেন এবং জাহিদকে আটকে পুলিশে সংবাদ দেয়।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, হত্যা মামলার সাক্ষী ও নিহত আব্দুর রব হাওলাদারের ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয়রা জাহিদ সরদারকে আটক করে পুলিশে সংবাদ দেয়। তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।
উল্লেখ্য, আধিপত্যের জেরে গত ২২আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে চরকমিশনার এলাকার আব্দুর রব হাওলাদারকে অটোরিকশা থেকে নামিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় ২৪ আগস্ট নিহতের ছেলে আব্বাস হাওলাদার বাদী হয়ে কামাল সরদার, জামাল সরদারসহ ৩১জনকে আসামী করে মামলা করেন। গত ১৬ সেপ্টেম্বর মুলাদী থানা পুলিশ অস্ত্রসহ কামাল, জামাল ও মানিক সরদারকে গ্রেপ্তার করে। এছাড়া ওই মামলায় তোতা সরদারকে গ্রেপ্তার করেছিলো র্যাব সদস্যরা।
