সবার প্রিয় বীনা আপা আর নেই সবার প্রিয় বীনা আপা আর নেই - ajkerparibartan.com
সবার প্রিয় বীনা আপা আর নেই

3:48 pm , October 15, 2023

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক ও উচ্চিশিক্ষা বরিশাল অঞ্চলের সাবেক উপপরিচালক শিক্ষাবিদ এম এ গফুরের স্ত্রী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি সবার কাছে বীনা আপা নামে পরিচিত ছিলেন। শনিবার দিবাগত রাত পৌনে তিনটায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গবেষক ও কবি অধ্যাপক ফয়জুল নাহার শেলী সংগ্রহীত তথ্য ঘেঁটে জানা যায়, বরিশালের পুত্রবধূ বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী রাবেয়া খাতুন ১৯৪২ সালের ৬ সেপ্টেম্বর পিতার কর্মস্থল ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা-মাতার নাম আজিজুল হক ও মাজিদা বেগম। মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানা সোনারঙ গ্রামে পৈতৃক বাড়ি হলেও তার কর্মময় জীবন বরিশালে কেটেছে। ফরিদপুর হালিমা খাতুন জুনিয়র মাদ্রাসায় প্রাথমিক পাঠ শুরু। পরে মেহেন্দিগঞ্জে ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা এবং ১৯৫৭ সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ম্যাট্রিক পাস করে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে (১৯৫৭ থেকে ১৯৬২)  তিনি ছাত্র ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এখনও রয়েছেন। রাবেয়া খাতুন বাবুগঞ্জ উপজেলার সায়র( কুলচর) গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ , রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এম আবদুল গফুরের সহধর্মিণী। স্বামী মুক্তিযোদ্ধা হওয়ার অপরাধে পাকসেনারা তাকে স্কুল থেকে ধরে নিয়ে গিয়ে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিলেও নজরবন্দি করে রাখে। এ সময় ১৯৬৫ সালে শিক্ষকতা পেশায় যোগদানের সাথে সাথে তিনি কন্যাশিশুর মানসিক উন্নয়নের জন্য দেশের শিক্ষা প্রতিষ্ঠানে প্রচলিত সহশিক্ষা কার্যক্রম বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনের সদস্য হন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই আন্দোলনের বরিশাল বিভাগের আঞ্চলিক কমিশনার পদে ছিলেন। ১৯৭১ সালে তিনি মহিলা পরিষদ জেলা শাখায় যোগ দেন। তিনি তাঁর স্বামীর প্রতিষ্ঠিত পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির দীর্ঘ ১৮ বছর এবং বরিশাল জগদীশ সারস্বত বালিকা  উচ্চ বিদ্যালয় ও কলেজের কার্যনির্বাহী কমিটির পরপর দু বার সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বরিশাল কারাগারের পরিদর্শক কমিটির সদস্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ বরিশালের বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের সাথে জড়িত রয়েছেন। ৭০ এর বন্যায তিনি মনোরমা বসু মাসিমার সাথে ভোলার প্রত্যন্ত অঞ্চলে বন্যাদুর্গতদের সেবা ও ত্রাণ প্রদান করেন।
রাবেয়া খাতুন ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর বরিশাল সাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য বাজার পত্রিকার গুণীজন সম্মাননায় ভূষিত হয়েছেন। ঐ সময় তাঁকে নিয়ে বিশেষ প্রতিবেদন করেছিলো দৈনিক আজকের পরিবর্তন পত্রিকা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT