3:45 pm , October 14, 2023
বিশেষ প্রতিবেদক ॥ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদের মাঠ ও মিলনায়তন। সকলের চোখেমুখে আনন্দের বন্যা। সংবর্ধনা উপহার ক্রেস্ট ও সনদপত্র হাতে নিয়ে পরষ্পরকে জড়িয়ে সেলফি তোলেন অনেকে, কেউ ছোটেন সম্মানিত অতিথিদের সাহচর্যে সেলফি তোলার জন্য। ব্যতিক্রমী এই সংবর্ধনা আয়োজনের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং বিশেষ অতিথি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান। তাই শিক্ষার্থীদের আনন্দের মাত্রা যেন অনেক অনেক বেশি। একজন মেধাবী শিক্ষার্থী অহনা বলেই ফেললেন, আমাদের অনুকরণীয় যারা আমাদের শিক্ষক তারা। তাদের হাত থেকে এই সংবর্ধনা উপহার নিতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গুরুজনেরা যদি প্রতিবছর এরকম আয়োজন করেন তাহলে এ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে আরো বেশি ভালো করার প্রবণতা তৈরি হবে বলে জানান শিক্ষার্থীদের অনেকেই।
অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সাজানো হয়েছে এই বিশাল আয়োজন। প্রবেশপথেই রাখা হয়েছে রেজিষ্ট্রেশন কেন্দ্র। যে-ই আসবেন, আগে এখানে নাম ঠিকানা লিখে একটি ব্যাজ ধারণ করবেন। এরপর বিশাল প্যান্ডেলে অভিভাবকদের বসার ব্যবস্থা। এরপর মিলনায়তনে সাজানো হয়েছে মূল আয়োজন। রয়েছে সাংবাদিকদের জন্য পৃথক বসার স্থানও। একসাথে হাজারো মানুষের সমাগম ঘটিয়ে উৎসবমুখর এই পরিবেশ সৃষ্টির নেপথ্যে ছিলেন বাবুগঞ্জের কৃতি সন্তান সমাজসেবক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান। তারই উৎসাহ উদ্দীপনায় আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। এতে সভাপতিত্ব করেছেন আতিকুর রহমানের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ বজলুর রহমান।
শনিবার বেলা এগারোটায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই সংবর্ধনার আয়োজন। বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার উপহার তুলে দিয়ে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস মাসুদ কামাল বলেন, আজকের শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ। তোমাদের কেউ চিকিৎসক, প্রকৌশলী বা বিজ্ঞানী হবে আবার কেউ রাজনীতি বা রাষ্ট্রনায়ক হবে। তাই শুধু পাঠ্যবই পড়লেই হবে না, বাহিরের জ্ঞানও অর্জন করতে হবে। এজন্য পাঠ্যবইয়ের বাইরেও তোমাদের অনেক পড়তে হবে, জানতে হবে। প্রথমেই তোমার জন্মভূমিকে জানতে হবে। এই বাবুগঞ্জ, এই বরিশালের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। এই বাংলাদেশকে জানতে হবে। তারপর বিশ্বেকে জানতে হবে। এ জন্য জানার বিকল্প নেই। তিনি আরো বলেন, শিক্ষার কোনো বয়স, সীমা, পরিসীমা নেই। প্রতিটি মুহূর্তই আমরা শিখছি, জ্ঞান অর্জন করছি। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত প্রতিটি মানুষ জ্ঞান অর্জন করেন। আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে বাবুগঞ্জ উপজেলা ও ক্যাডেট এর ১৬০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের
উদ্বোধন করেন আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আতিকুর রহমান।
বরিশাল ক্যাডেট কলেজ থেকে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৮ জন এবং বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের ব্যতিক্রম এটাই যে, এখানে আগত অতিথিবৃন্দ বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
ক্যাডেট কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী রেজাউল বললেন, আমাদের নিয়ে এই আয়োজনে আমরা খুবই আনন্দিত। এরফলে আমরা এখান থেকে হয়তো আমাদের ভবিষ্যতে করণীয় একটা দিকনির্দেশনা খুঁজে পাবো।
বাবুগঞ্জ স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী তাহমিনা বললেন, বরেণ্য জনদের কাছ থেকে আমরা সংবর্ধনা উপহার গ্রহণ করতে পেরেছি, এটা যে কতটা আনন্দের তা বলে বুঝাতে পারবোনা। এতে করে আমাদের মধ্যে নিজেদের আরো বেশি যোগ্য করে তোলার স্বপ্ন তৈরি হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুব নেতা আতিকুর রহমান বলেন, বাবুগঞ্জ উপজেলা ও বরিশাল ক্যাডেট কলেজের মেধাবী শিক্ষার্থীদের এখানে সংবর্ধনা দেওয়ার যে আয়োজন আশু-বজলুর রহমান ফাউন্ডেশন করেছে তা সত্যি প্রশংসনীয়। আমি এই আয়োজনে সহযোগিতা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
তিনি বলেন, এখানে আগত অতিথিদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছেন এটাই এই আয়োজনের স্বার্থকতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান এবং বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি আল-নাহিয়ান খান জয়।
এছাড়াও স্থানীয়ভাবে এতে উপস্থিত ছিলেন টেকনিক্যাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের পরিচালক, সোনালী ব্যাংক লিমিটেড বরিশাল বিভাগ অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মোঃ মতিউর রহমান, বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল রাইহান আহমেদ পিএসসি , বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোহাম্মদ আখতারুজ্জামান মিলন, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল হাসান খান মিঠু, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, ফারজানা বিনতে ওহাব, ৩নং দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন জোবায়েদা আকতার, ১১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু।
