3:47 pm , October 8, 2023
মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে নৌ পুলিশের জব্দকৃত অবৈধ খননযন্ত্র (ড্রেজার) ও বালুর জাহাজ ফাঁড়িতে নেওয়ার পথে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের কায়েতমারা এলাকা থেকে একটি ড্রেজার, দুটি বালু ভর্তি জাহাজ জব্দ করে নাজিরপুর নৌ পুলিশ। ওই সময় দুইজনকে আটকও করেন তারা। কিন্তু জব্দকৃত জাহাজ ও ড্রেজার নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়িতে পৌঁছেনি। রহস্যজনক কারণে পুলিশ কর্মকর্তা ড্রেজার, জাহাজ এবং আটক দুই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মো. হান্নান চৌকিদার। নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র ড্রেজার ও জাহাজ জব্দের বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, জয়ন্তী নদীর ভাঙন কবলিত কায়েতমারা এলাকা থেকে বালু উত্তোলনকারী ড্রেজার ও দুটি জাহাজকে সরিয়ে দেওয়া হয়েছে।
সফিপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হান্নান চৌকিদার জানান, জয়ন্তী নদীতে কায়েতমারা ও চরমালিয়া এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে রক্ষার চেষ্টা করছে। গত কয়েক দিন ধরে ড্রেজার মালিকরা ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। স্থানীয়রা প্রশাসনকে সংবাদ দিলে রোববার বেলা ১১টার দিকে নাজিরপুর নৌ পুলিশ একটি ড্রেজার, দুটি জাহাজসহ ২জনকে আটক করেন। ওই সময় সেখানে অনেক লোকজনও উপস্থিত ছিলো। পরবর্তীতে নৌপুলিশ আটককৃতদের ড্রেজার ও জাহাজসহ ছেড়ে দেয়। সাবেক ইউপি সদস্য সোনা মিয়া সিকদার বলেন, ভাঙন কবলিত এলাকা থেকে অবৈধভাবে বালু তোলার সময় পুলিশ আটক ব্যক্তিদের ছেড়ে দিয়েছেন। তারা আবারো সেখানে বালু উত্তোলন করবেন আর নদী পাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবীর মিত্র বলেন, জাহাজ, ড্রেজার জব্দ কিংবা কোনো লোককে আটক করা হয়নি। জিও ব্যাগ ফেলার কাজ চলমান থাকায় সেখান থেকে বালু উত্তোলন কারীদের সরিয়ে দেওয়া হয়েছে।
