ক্যামেরা ও মোবাইলসহ চোর আটক ক্যামেরা ও মোবাইলসহ চোর আটক - ajkerparibartan.com
ক্যামেরা ও মোবাইলসহ চোর আটক

4:02 pm , October 7, 2023

কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক ॥ কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের অভিযানে পর্যটকদের চুরি হওয়া ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল সহ এক চোরকে আটক করা হয়েছে। আটক হৃদয় মোল্লা (২০) পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পশ্চিম কুয়াকাটা এলাকার বাসিন্দা মোঃ রুহুল আমিন মোল্লার ছেলে। শনিবার  দুপুরে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ৫ অক্টোবর রাতে বরিশাল নগরীর হাটখোলা এলাকার বাসিন্দা বাঁধন শাহা (১৬) সহ আরও ৩/৪ জন বন্ধু কুয়াকাটা ঘুরতে এসে কুয়াকাটা পৌরসভার রাখাইন মহিলা মার্কেট এর পূর্বপাশে সমুদ্র সৈকতের সামনে হোটেল বীচ ডোর এর ২০৪ নং কক্ষে অবস্থান করে। এ সময়ে হৃদয় মোল্লার সাথে তাদের সু-সম্পর্ক তৈরি হলে তারা হৃদয় মোল্লার সাথে হোটেল কক্ষে আলাপচারিতা শেষে সবাই একত্রে ঘুমিয়ে পড়ে। এ সুযোগে রাতে হৃদয় মোল্লা ১টি ডিএসএলআর ক্যামেরা, নগদ ৩২ হাজার টাকা ও ১টি স্মার্ট ফোন নিয়ে পালিয়ে যায়। পরদিন শুক্রবার বেলা ১১ টার দিকে বাঁধন শাহা ও তার বন্ধুরা ঘুম থেকে উঠে হৃদয় মোল্লাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। খুঁজে না পেয়ে বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন এবং মহিপুর থানায় চুরির মামলা দায়ের করেন। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এর নির্দেশে পুলিশ পরিদর্শক আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামী হৃদয় মোল্লাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে তার বাড়ি হতে ডিএসএলআর ক্যামেরা ও মোবাইল উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পর্যটক  নিরাপত্তা ও সুরক্ষায়  ট্যুরিস্ট  পুলিশ কুয়াকাটা  রিজিয়ন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। যেকোনো ধরনের অপরাধ দমনে ও অপরাধ উদঘাটনে ট্যুরিস্ট পুলিশ সদা তৎপর  রয়েছে। তিনি জানান,  আটক হৃদয়কে মহিপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT