4:14 pm , October 3, 2023
গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলা চালিয়ে গৌরনদী পৌর যুবলীগের তিন নেতাকে কুপিয়ে জখম করার ঘটনার ৫দিন পর সোমবার পৌর যুব ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীর নামোল্লেখসহ ২০ নেতাকর্মীকে আসামি করে গৌরনদী পৌর যুবলীগের সদস্য রায়হান ফকিরের স্ত্রী পপি আক্তার বাদি হয়ে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে নিয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন : গৌরনদী পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার, পৌর আওয়ামীলীগের লীগের সাবেক সদস্য ও চাঁদশী ইউপি সদস্য মিলন হাওলাদার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাওলাদার, উপজেলা যুবলীগের সদস্য সাইমুন তালুকদার, পৌর ছাত্রলীগের কর্মী সজীব তালুকদার, পলাশ হাওলাদার, রনি শেখ, প্রিন্স শেখ, তায়েব হাওলাদার, হেলাল তালুকদার সহ অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ নেতাকর্মী।
মামলার বাদি পপি আক্তার এজাহারে উল্লেখ করেন, টরকী বন্দরে ও কসবা এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল-আমিন হাওলাদার এবং পৌর যুলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার ফকির গ্রুপের মধ্যে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। পৌর যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাওছার ফকির (৩০), পৌর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক ইমাদ খান (৩৫) ও আমার স্বামী পৌর যুবলীগের সিনিয়র সদস্য রায়হান ফকির(৩১) একটি মোটরসাইকেল যোগে গত ২৭ সেপ্টেম্বর বিকালে টরকী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ওইদিন বিকালে মোটরসাইকেলটি কসবা আল্লাহ্’র মসজিদ বাসস্ট্যান্ডে পৌঁছিলে পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে যুব ও ছাত্রলীগের ২০ থেকে ২২ নেতাকর্মী মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদারের নেতৃত্বে চাইনিজ কুড়াল, রামদা দিয়ে যুবলীগ নেতা কাওছার ফকির, ইমাদ খান (৩৫), আমার স্বামী রায়হান ফকিরকে উপর্যপুরি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম ও বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
