3:50 pm , September 26, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ জ্ঞাত আয় বর্হিভুত সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সাবেক এক ইউপি চেয়ারম্যানকে পাঁচ বছরের কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ১৯ লাখ ৩০ হাজার ১৬৫ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন। দ-িত নাজমুল ইসলাম সাইদ পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সে সমুদয়কাঠি এলাকার আলহাজ্ব আদেলউদ্দিনের ছেলে। রায় ঘোষনার সময় আদালতে অনুপস্থিত ছিলেন সে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী মো. হারুন অর রশিদ জানান, সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম সাইদের বিরুদ্ধে ২০১২ সালের ১২ মার্চ দুদকের বরিশাল জেলা কার্যালয়ের উপ-পরিচালক আর কে মজুমদার মামলা করে। মামলায় তার বিরুদ্ধে ২০০৯-১০ অর্থ বছরে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরনীর চেয়ে ৪২ লাখ ৩০ হাজার ১৬৫ টাকার সম্পদ অর্জন এবং ২ লাখ ৭৫ হাজার ৭৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। ২০১৫ সালের ১৯ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মো. বাহাদুর আলম একমাত্র সাইদকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। বিচারক ৮ জনের স্বাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।
