ডেঙ্গুতে বরিশালে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু ডেঙ্গুতে বরিশালে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু - ajkerparibartan.com
ডেঙ্গুতে বরিশালে এ পর্যন্ত ৮৩ জনের মৃত্যু

3:53 pm , September 21, 2023

বিশেষ প্রতিবেদক ॥  বরিশাল অঞ্চলের সরকারী হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা প্রায় ২২ হাজারে পৌঁছেছে। মৃত্যু হয়েছে ৮৩ জনের। এরমধ্যে চলতি মাসের ২১ দিনেই ভর্তিকৃত প্রায় ১০ হাজার নারী-পুরষ ও শিশুর মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত মাসেও বরিশাল বিভাগে সরকারী হাসপাতালগুলোতে ভর্তিকৃত সাড়ে ৮ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে  ২৯ জন মারা গেছেন। গত সপ্তাহ জুড়ে মাঝারী থেকে ভারী বর্ষণের সাথে মশাবাহিত ডেঙ্গু আক্রান্ত রোগীর আগমনও বাড়ছে। গত সপ্তাহ জুড়ে ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় দিনই ৪শ এর ওপরে ছিল । স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্রের মতে, একমাত্র মশক নিধন ছাড়া প্রাণঘাতি এ রোগ থেকে মুক্তির তেমন কোন সুযোগ নেই। বিষয়টি বার বারই বরিশাল সিটি করপোরেশন সহ সব পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকে স্মরণ করিয়ে দেয়ার পরেও তেমন কোন কাজ হয়নি।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলা ও ৪২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে যে প্রায় ২২ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন তার মধ্যে প্রায় ২০ হাজারই সুস্থ্য হয়ে ঘরে ফিরেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। তবে সরকারী হাসপাতাল সমূহে ভর্তিকৃত রোগীদের মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল সহ জেলাটির সব উপজেলা হাসপাতালগুলোতে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা ছিল ৭ হাজার ৭শ। এরমধ্যে ৫৮ জনের মৃত্যু হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ জেলাটির সব উপজেলা হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ৫ হাজারে পৌঁছেছে। এরমধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দ্বীপজেলা ভোলাতে ভর্তিকৃত প্রায় আড়াই হাজার রোগীর মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে ভর্তিকৃত সাড়ে ৩ হাজারের মধ্যে ৭জন এবং বরগুনাতে আড়াই হাজারের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীর সরকারী হাসপাতাল গুলোতে ইতোমধ্যে ৫ শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি হলেও কোন মৃত্যু নেই।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বরিশাল বিভাগের সরকারী হাসপাতালগুলোতে যে প্রায় ১২শ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন তারমধ্যে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ২২০, বরিশাল জেনারেল হাসপাতাল সহ জেলাটির অন্যান্য উপজেলা হাসপাতালে ২৭০ জন চিকিৎসাধীন ছিলেন। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৭ এবং জেলাটির উপজেলা হাসপাতাল গুলোতে আরো প্রায় ১৪০ এবং ভোলা জেলায় ১১০ জন ছাড়াও পিরোজপুর ও বরগুনাতে ১৫৭ জন করে ও ঝালকাঠীর জেলা-উপজেলার হাসপাতাল গুলোতে ১৮ জন চিকিৎসাধীন ছিলেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
চলতি সপ্তাহ জুড়েই বরিশাল বিভাগের সব সরকারী হাসপাতালেই ডেঙ্গু রোগীর চাপ ও মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। বেশীরভাগ মৃত্যুর ঘটনাই ঘটছে হাসপাতালে ভর্তির ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে। গত রোববার বিভাগের সরকারী হাসপাতালে ভর্তিকৃত ৪৫৮ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। সোমবারে ভর্তিকৃত ৩৮১ জনের মধ্যে দুজন মারা গেছেন। মঙ্গলবার ৩৪২ জনের মধ্যে ২জন এবং বুধবারে ভর্তিকৃত ৪৪২ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় আরো ৩২৪ জন বরিশালের বিভিন্ন সরকারী  হাসপাতালে ভর্তি হলেও এ সময়ে মারা গেছেন আরো একজন।
কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থী হওয়ার ঘোষনা কেন্দ্রীয় যুবলীগ নেতার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT