3:12 pm , October 21, 2022
চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের বেতুয়া লঞ্চঘাট এলাকায় শহররক্ষা বাধ সংরক্ষনে জরুরী মেরামতের জন্য বালুবর্তী জিও ব্যাগের স্তুপসহ বাধ ধসে বস্তার নিচে চাপা পড়ে মেঘনায় নিখোঁজের ৪ দিন পর শ্রমিক শাহীনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে চার টায় মেঘনার তীরবর্তী এলাকায় দুর্ঘটানস্থলের অদূরে থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামন তথ্য নিশ্চিত করে জানান, একটানা তিন দিন উদ্ধার অভিযান করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার বিকালে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা মেঘনায় শ্রমিক শাহীনের ভাসমান লাশ দেখতে পেয়ে খবর দেয়। তারা গিয়ে মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছেন।
জানা যায়,গত মঙ্গলবার শহর রক্ষাবাধ প্রকল্পের আওয়াতায় বেতুয়া লঞ্চঘাট সংলগ্নস্থনে জরুরী মেরামতের কাজে নিয়োজিত ২৫ শ্রমিক ভাঙ্গন কবলিত স্থানে জিও ব্যাগ স্থাপনের কাজ করছিলেন। ওইদিন দুপুরে শ্রমিকরা মেঘনা পাড়ে স্থাপন করা প্রায় ৫০০ জিও ব্যাগের স্তুপসহ বাধ ধসে বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক শাহীনসহ অপর আরো ২৪ শ্রমিক। এসময় তীরবর্তী মানুষ ২৫ জনের মধ্যে ২৪ উদ্ধার করতে সক্ষম হলেও শ্রমিক শাহীনকে উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসকর্মী ও ডুবরী দল তিনদিন উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়। পরে শুক্রবার বিকাল সাড়ে চার টায় স্থানীয়রা মেঘনায় শ্রমিক শাহীনের মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সর্ভিসকে খবর দিলে মরদেহটি উদ্ধার করেন।
চরফ্যাসন থানার ওসি মোহাম্মদ মোরাদ হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
