3:37 pm , October 20, 2022
চরফ্যাসন প্রতিবেদক ॥ প্রায় ১ যুগ পর ভোলার চরফ্যাসন উপজেলার আসলামপুর ও ওমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। আগামী ২৮ নভেম্বর ওই দুই ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাযায়, ২০১১ সালে আসলামপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের মেয়াদের শেষের দিকে ২০১৪ সনে বৃহত্তম আসলামপুর ইউনিয়নকে বিভক্ত করে ওমরপুর ইউনিয়ন নামে আরো একটি ইউনিয়ন করা হয়। নতুন ইউনিয়ন করায় লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের সাথে, আসালামপুর ও ওমরপুর ইউনিয়নের সীমানায় ভোটার বিন্যাস ও সীমানা বিরোধ নিয়ে মামলার জটিলতার কারনে ওই দুই ইউপিতে নির্বাচন স্থগিত ছিলো। দীর্ঘ ১ যুগ পর ভোটার বিন্যাস ও মামলা জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার ওই দুই ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তফসিল ঘোষনা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করা হবে এবং ৭ নভেম্বর মনোনয় পত্র যাচাই বাছাই শেষে ১২ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২৮ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চরফ্যাসন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর ইভিএমের মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ওই দুই ইউপিতে ভোট গ্রহণের প্রস্তুতি নেয়া হবে।
