৯৯৯ কল করে রক্ষা পেলো চোর ৯৯৯ কল করে রক্ষা পেলো চোর - ajkerparibartan.com
৯৯৯ কল করে রক্ষা পেলো চোর

3:28 pm , October 20, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ চুরি করতে গিয়ে টেরই পায়নি সূর্য উঠে গেছে। যখন বুঝতে পারলো ততক্ষণে দোকানের সামনে অনেক মানুষ আনাগোনা করছিলো। ব্যাগভর্তি চুরির মালামাল নিয়ে বের হতে গেলে ধরা পরে গণধোলাইয়ের শিকার হতে পারেন এমন শঙ্কায় সহায়তা চান জাতীয় সহায়তা কেন্দ্রে। পুলিশ এসে বিপদে পরা লোকটিকে খুঁজে পাচ্ছিলেন না। যখন পেলেন তখন চোখ ছানাবড়া। শেষে দোকান খুলে সহায়তাপ্রার্থী চোরকে উদ্ধার করেন। আটক চোরের নাম ইয়াছিন খান (৪১)। সে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা হলেও নগরীর কালুশাহ সড়কের একটি ভাড়া বাসায় থাকেন। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আসাদুজ্জামান। তিনি বলেন, ধরা পড়ে গেলে স্থানীয়দের হাতে মারধরের শিকার হতে পারেন এই ভয় থেকে ওই ব্যক্তি ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ একটি দোকানের মধ্য থেকে উদ্ধার করে যখন চোরকে জিজ্ঞাসাবাদ করেন তখন সে স্বীকার করে পেশায় তিনি চোর। ওসি জানান, ভোরে জরুরী সেবা থেকে আমাদের কাছে তথ্য আসে চরকাউয়া ইউনিয়নের এআরখান বাজার এলাকায় বিপদে পড়েছেন এক ব্যক্তি। ওই ব্যাক্তি জরুরী সেবার কনফারেন্সের মাধ্যমে থানার ডিউটি অফিসারের সাথেও কথা বলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। শেষে মোবাইলে কল করে জানা যায় সে ঝন্টু মিয়ার দোকানের মধ্যে। দোকান থেকে বের হতে তার অসুবিধা কোথায় জানতে চাইলে পুলিশ সদস্যদের ইয়াছিন খাঁ বলেন, চুরির মালামাল গুছিয়ে ব্যাগ ভর্তি করতে তার বেশি সময় লেগেছে। সময় গড়িয়ে সকাল হয়ে গেছে। লোকজন দোকানের পাশে অবস্থান করছিলেঅ। এ অবস্থায় সেখান থেকে বের হলে মারধরের শিকার হতো। এজন্য বুদ্ধি করে ৯৯৯ নম্বরে কল করেছে।
দোকান মালিক ঝন্টু বলেন, পুলিশ আমার দোকানের কাছে আসলেও কিছুই অনুমান করতে পারিনি। পরে তাদের মধ্য থেকে একজনকে বের করায় বুঝতে পারি চোর ধরেছে। পরে জানি ওই চোর ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চেয়েছে। তিনি বলেন, দোকানের মালামাল যায়নি কিছুই। তবে সবকিছু এলোমেলো করে রেখেছে। ভালো ভালো জিনিস ব্যাগে ভরেছিল। কিন্তু নিতে পারেনি। চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে কল করে নিজেকে বাঁচিয়েছে এক চোর এমনটা শুনেছি। এই ঘটনা এখন সবখানে আলোচনা হচ্ছে। যে শুনছে সেই অবাক হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT