3:01 pm , October 19, 2022
আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়ায় যৌতুকের জন্য বাক প্রতিবন্ধী এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করেছে স্বামী ও তার পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত সূত্রে জানাগেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের মুড়িহার গ্রামের শাহজাহান চৌকিদারের মেয়ে রাজিয়া বেগমের সাথে ১৫বছর পূর্বে পাশ্ববর্তী গৈলা ইউনিয়নের বেলুহার গ্রামের মোসলেম ভূঁইয়ার ছেলে মোক্তার ভূঁইয়ার সাথে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় তাদের টাকাসহ জিনিসপত্র দেওয়া হয়েছিলো। তাদের পরিবারে ৩টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের দুই বছর পর থেকেই স্বামী মোক্তার ও তার পরিবারের লোকজন যৌতুকের জন্য বাক প্রতিবন্ধী রাজিয়াকে শারীরিক নিযার্তন করে আসছিল বলে জানান নির্যাতিতের পিতা শাহজাহান চৌকিদার। মঙ্গলবার রাতে পুনরায় যৌতুকের জন্য বাক প্রতিবন্ধী গৃহবধূ রাজিয়াকে স্বামী মোক্তার ও তার পরিবারের লোকজন শারীরিক নির্যাতন করে আহত অবস্থায় ফেলে রাখে। পরে গৃহবধূর পিতা শাহজাহান চৌকিদার সংবাদ পেয়ে বেলুহার গিয়ে রাজিয়াকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় রাজিয়ার পিতার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
