3:00 pm , October 19, 2022
মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় আড়াই হাজার পিস ইয়াবা, সাড়ে চার কেজি গাঁজা ও ১২ গ্রাম ক্রিস্টাল মিথাইল আইসসহ একই পরিবারের ৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে ডিবি পুলিশ পৌরসভার স্লুইজগেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান এ মাদকসহ মাদক ব্যবসায়ীদের আটক করেন। এসময় মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো : মঠবাড়িয়া পৌরসভার স্লুইজগেট এলাকার মাদক স¤্রাট মোঃ রত্তন আলী হাওদার (৬৫), তার স্ত্রী নুরজাহান বেগম (৬০), তাদের ছেলে আবুল বাশার ওরফে কালাম (৩৯), মেয়ে আসমা আক্তার (২৩) ও মোটরসাইকেল ড্রাইভার মোঃ মাহবুব হাওলাদার (৩২)। মঠবাড়িয়া ডিবি পুলিশের ইন্সপেক্টর এ কে এম মাহফুজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌরসভার স্লুইজগেট সংলগ্ন রত্তন হাওলাদারের বাসায় অভিযান চালানো হয়। এসময় বাসা থেকে বিদেশি মাদক ক্রিস্টাল মিথাইল আইসসহ বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, এরা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। ইতিপূর্বেও বেশ কয়েকবার র্যাবসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। কিন্তু জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
