2:58 pm , October 19, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক দলের প্রস্তুতি সভায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে জেলা শ্রমিক দলের দুজন নেতা আহত হয়েছেন। বুধবার সকালে নগরের সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন : জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল সরদার ও জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক বাচ্চু মিয়া। সভায় উপস্থিত শ্রমিক দলের কয়েকজন নেতা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সভাস্থলে আসেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল সরদার। এ সময় দলীয় কার্যালয়ের নিচতলায় তার উপর হামলা চালায় মহানগর শ্রমিকদলের নেতা মো. রিয়াজসহ সহযোগীরা। এতে তার গায়ের জামা ছিড়ে গেছে। কামালের সঙ্গে থাকা জেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক বাচ্চু মিয়াকেও মারধর করা হয়। পরে সভাস্থল থেকে নেতারা এসে ও পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত করা হয়। এ বিষয়ে কামাল সরদার বলেন, ‘মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদের ইন্ধনে এই হামলা হয়েছে। হামলাকারীরা আমার জামা ছিড়ে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে এবং সভায় ঢুকতে বাধা দেয়। অপর শ্রমিকদল নেতা বাচ্চু মিয়ার উপরও হামলা চালিয়ে তাকে আহত করা হয়েছে। দু,জনই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ বিষয়ে ফয়েজ আহমেদ বলেন, আমি জানি না ওখানে কারা, কী উদ্দেশ্যে সভা আহ্বান করেছে। আমাকে দাওয়াত দেওয়া হয়নি। সে জন্য আমি যাইনি। আমি যেখানে যাইনি, সেখানে মারধরের বিষয়টি আমার জানা নেই।
