3:09 pm , October 13, 2022
৯ বছর পর রোগী প্রতি বাড়লো ৫০ টাকা
নিজস্ব প্রতিবেদক ॥ সর্ব শেষ ২০১৩ সালে সরকারী হাসপাতালে ভর্তিকৃত রোগীদের দৈনিক খাবারের বরাদ্ধ বৃদ্ধি করা হয়েছিলো। তৎকালীন আওয়ামীলীগ সরকার ৫০ টাকা বৃদ্ধি করে রোগী প্রতি দৈনিক বরাদ্ধ নির্ধারন করে ১২৫ টাকা। যা তত্বাবধায়ক সরকারের আমলে ছিলো ৭৫ টাকা। বছরের ব্যবধানে খাবারের মূল্য উঠানামা তথা বৃদ্ধি ঘটলেও ২০১৩ সালের পর দীর্ঘ ৯ বছরে রোগীদের খাবারের বরাদ্ধ বৃদ্ধি করা হয়নি। বিষয়টি নিয়ে রোগী থেকে শুরু করে হাসপাতাল প্রশাসন পর্যন্ত বরাদ্ধ বৃদ্ধির জন্য দাবী জানিয়ে আসছিলো। অবশেষে দীর্ঘ প্রতিক্ষিত সেই দাবী পূরন করেছে সরকার। রোগী প্রতি ৫০ টাকা বাড়িয়ে দৈনিক বরাদ্ধ করা হয়েছে ১৭৫ টাকা। অর্থ্যাৎ এখন থেকে সরকারী হাসপাতালে ভর্তিকৃত একজন রোগী দৈনিক ১৭৫ টাকার খাবার পাবেন। গত ১০ অক্টোবর থেকে নতুৃন এ নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়েছে।
ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রনালয় ১০ অক্টোবর এ বিষয়ে একটি অফিস আদেশ জারিও করেছে। মন্ত্রনালয়ের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ সচিব মোহাম্মদ রোকন উদ্দিন স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক পরিচালিত দেশের সকল সরকারী হাসপাতালে চিকিৎসাধীন নন কোভিড রোগীদের খাবার সরবারহের নিমিত্তে পথ্য বরাদ্দ বাবদ রোগী প্রতি দৈনিক ১২৫ টাকার পরিবর্তে ১৭৫ টাকা উন্নীত করনে সরকারী মঞ্জুরী জ্ঞাপন করা হলো। আদেশে আরো বলা হয় পত্র জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে। জানতে চাইলে বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম বলেন, বরাদ্ধ বৃদ্ধির চিঠি পেয়েছি এবং তা কার্যকর শুরু হয়েছে। তিনি বলেন বর্তমানে দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি চলছে তাতে এই বরাদ্ধ বৃদ্ধির খুবই দরকার ছিলো। রোগী প্রতি ৫০ টাকা বেড়ে যাওয়ায় পূর্বের খাবারের মান আহামরি পরিবর্তন না হলেও আগের চেয়ে মাছ, গোশতের সাইজ তথা পরিমান কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এছাড়া খাবারের অন্যান্য আইটেমেরও পরিবর্তন ও বৃদ্ধি ঘটবে।
জানা গেছে প্রত্যেক রোগীকে প্রতিদিন সকালের নাশতা হিসেবে ৫ পিস পাউরুটি, ১টি ডিম, ১টি কলা ও পায়েস দেয়া হয়। দুপুরে পরিবেশন করা হয় ভাত, মাছ, সবজি ও ডাল। বিকেলে দেয়া হয় ছোট প্যাকেটের বিস্কুট এবং রাতের খাবারের তালিকায় থাকে ভাত, মুরগির মাংস, সবজি ও ডাল।
