পিরোজপুরে শেখ এ্যানির দাফন সম্পন্ন পিরোজপুরে শেখ এ্যানির দাফন সম্পন্ন - ajkerparibartan.com
পিরোজপুরে শেখ এ্যানির দাফন সম্পন্ন

3:03 pm , October 13, 2022

পিরোজপুর প্রতিবেদক ॥  পিরোজপুর-১৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের প্রথম নামাজে জানাজা পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ) অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার রাত ৮ টায় সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার বাদ আসর ঢাকায় দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে। নামাজে জানাজায় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী এ্যাড. শম রেজাউল করিম এমপি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, এমপি শেখ তন্ময়, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম এবং মরহুমার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন, একমাত্র পুত্র শেখ খালিদ অরিন্দম তান উপস্থিত ছিলেন।
জানাজায় ইমামতি করেন, পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। সংসদ সদস্য শেখ এ্যানি রহমান গত মঙ্গলবার দুপুরে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি দীর্ঘ দিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পিরোজপুরের সাবেক এমএনএ মুক্তিযুদ্ধে  অন্যতম সংগঠক প্রয়াত আওয়ামীলীগ নেতা এ্যাড. এনায়েত হোসেন খানের বড় কন্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাত ভাই শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনিত সংরক্ষিত নারী আসনে পিরোজপুর-১৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT