বরিশাল-ঢাকা আকাশপথে যাত্রী ভাড়া সাড়ে ৯ হাজার টাকারও বেশী বরিশাল-ঢাকা আকাশপথে যাত্রী ভাড়া সাড়ে ৯ হাজার টাকারও বেশী - ajkerparibartan.com
বরিশাল-ঢাকা আকাশপথে যাত্রী ভাড়া সাড়ে ৯ হাজার টাকারও বেশী

3:34 pm , October 12, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল থেকে আকাশ পথে ৬৩ এ্যারোনটিক্যাল মাইল দূরের ঢাকায় ভ্রমন করতে এখন বেসরকারী এয়ারলাইন্সে সাড়ে ৯ হাজার টাকা গুনতে হচ্ছে। অথচ ওই বেসরকারী এয়ারলাইন্সেই প্রায় ৮শ এ্যারোনটিক্যাল মাইল দূরের ব্যাংককে যাওয়া আসার ভাড়া ৩১ হাজার টাকা। রাষ্ট্রীয় বিমান ফ্লাইট অনিয়মিত ও সীমিত করার সুযোগকে কাজে লাগিয়ে বরিশাল সেক্টরে বেসরকারী এয়ারলাইন্স এখন যাত্রীদের কাছ থেকে বিবেকহীন ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। অথচ কথিত ‘যাত্রীর অভাবে’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশাল সেক্টরে তার নিয়মিত ফ্লাইট এখন সপ্তাহে ৩ দিন চালাচ্ছে। এমনকি এ মাসের শেষ থেকে কার্যকর শীতকালীন সময়সূচীতে তা আরো একদিন কমিয়ে সপ্তাহে দুদিনে হ্রাস করা হচ্ছে। সেই সময়সূচীও ‘যাত্রী বান্ধব নয়’ বলে ইতোমধ্যে অভিযোগ উঠেছে।
গত শনিবার বিকেলে বরিশাল থেকে বেসরকারী একটি এয়ারলাইন্সে একজন যাত্রীকে ৯ হাজার ৬শ টাকায় টিকেট সংগ্রহ করে ঢাকা যেতে হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন ইউএস-বাংলা এয়ার’এর বরিশাল সেলস অফিসের দায়িত্বশীল সূত্র। অথচ ওই এয়ারলান্সেই ঢাকাÑব্যাংককÑঢাকা আকাশ পথের প্রায় দেড় হাজার এ্যারোনটিক্যাল মাইলের ভাড়া ৩১ হাজার টাকা। সেখানে দেশের অভ্যন্তরীন সেক্টরের সবচেয়ে কম, ৬৩ এ্যারোনটিক্যাল মাইল দূরত্বে ৯ হাজার ৬০০ টাকা ভাড়া আদায় কতটা যুক্তি সংগত, তার জবাব নেই কারো কাছেই।
গত ফেব্রুয়ারীতে বিমান প্রতিমন্ত্রী ও সিভিল এভিয়েশন অথোরেটির চেয়ারম্যানের কাছে বরিশাল সেক্টরে দেশের সর্বোচ্চ ভাড়ার বিষয়ে গনমাধ্যম কর্মীরা প্রশ্ন রাখলে তারা উভয়ই ‘সব সেক্টরে যাত্রী ভাড়া যৌক্তিকি করণের’ ঘোষনা দিয়েছিলেন। তবে বরিশাল বিমান বন্দরে মন্ত্রী ও চেয়ারম্যানের ওই বক্তব্যের পরে এ সেক্টরে ভাড়া দু দফায় বেড়েছে।
কিন্তু পদ্মা সেতু চালু হবার পরে তা কিছুটা হ্রাস করা হলেও এখনো সরকারী ও বেসরকারী এয়ারলাইন্সে দেশের সর্বোচ্চ যাত্রী ভাড়া বরিশাল সেক্টরেই। আর পদ্মা সেতু ও কালনায় মধুমতি সেতু চালু হবার পরে যশোর সেক্টরে যাত্রী সংখ্যা হ্রাস পেলেও জাতীয় পতাকাবাহী বিমান কর্তৃপক্ষের সব দুর্ভাবনা বরিশাল সেক্টরকে নিয়েই। এ অভিযোগ সাধারন যাত্রীদের। অথচ জুলাই-এর তুলনায় আগষ্ট ও সেপ্টেম্বর মাসে বরিশাল সেক্টরে যাত্রী সংখ্যা প্রায় দ্বিগুন বেড়েছে। এমনকি সপ্তাহে মাত্র ৩টি ফ্লাইট থাকার পরেও বিমান বাংলাদেশে-এর বরিশাল সেক্টেরেও যাত্রী সংখ্যা আগের চেয়ে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে।
এদিকে মন্ত্রী পদ মর্যাদায় থাকা পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বরিশালÑ১ আসনের এমপি আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইট পরিচালনার বিষয়ে বিমান প্রতিমন্ত্রীর সাথে আলাপ করে বিষয়টি দেখার জন্য বলেছেন বলে তার একান্ত সচিব জানিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT