দুই কোটি টাকা নিয়ে পালিয়েছে ইউপি সদস্য দুই কোটি টাকা নিয়ে পালিয়েছে ইউপি সদস্য - ajkerparibartan.com
দুই কোটি টাকা নিয়ে পালিয়েছে ইউপি সদস্য

3:30 pm , October 12, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি ও রিদু এনজিও’র নামে প্রায় দুই কোটি টাকা নিয়ে আত্মগোপন করেছেন নারী ইউপি সদস্য ও তার স্বামী। ঘটনাটি জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের। একাধিক ভুক্তভোগীরা জানিয়েছেন, ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য রাবেয়া বসরি লিপি ও তার স্বামী লিটন খান এনজিওর নামে গ্রামের সহজ সরল গ্রাহকদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা উত্তোলন করে আত্মগোপন করেছেন। ভূক্তভোগী লাল মিয়া হাওলাদার বলেন, দাঁড়িয়াল গ্রামের মোসলেম আলী খানের ছেলে লিটন খান ও তার স্ত্রী নারী ইউপি সদস্য রাবেয়া বসরি লিপি উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি ও রিদু নামের দুটি এনজিওতে কাজ করেন। আমিসহ গ্রামের ছয়জনেই ওই দম্পত্তির মাধ্যমে এনজিওতে ৩১ লাখ টাকা জমা রেখেছিলাম। তিনি আরও বলেন, গত কয়েকদিন থেকে ইউপি সদস্য ও তার স্বামী গ্রাম থেকে আত্মগোপন করেছেন। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি বলেন, রিদু এনজিও’র নামে ওই দম্পত্তি প্রায় চারশ’ গ্রাহকের কাছ থেকে এবং টিউবওয়েল দেয়ার কথা বলে অসংখ্য পরিবারের কাছ থেকে ইউপি সদস্য বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছেন। সবমিলিয়ে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে ওই দম্পত্তি আত্মগোপন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (লাল মিয়া) উল্লেখ করেন। উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, রাবেয়া বসরি লিপি আগে আমাদের সমিতিতে কাজ করতেন। তবে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি কাজ ছেড়ে দিয়েছেন। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT