2:35 pm , October 11, 2022
স্বরূপকাঠি প্রতিবেদক ॥ স্বরূপকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে ও পিটিয়ে ৪ জনকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সোমবার রাতে উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকরামুল ইসলাম বাবুলের বাড়ীর সামনে সড়কের ওপর এই ঘটনা ঘটে। সোহাগের নেতৃত্বে ১০/১১ জনের সন্ত্রাসী দল ওই ঘটনা ঘটিয়েছে। হামলায় আহতরা হলেন : জাহারুল ইসলামকে(৪৭), জাহিদুল (৪০), জাহারুল (৪৩) এবং সাগর (৩৬)। এলাকাবাসী এগিয়ে গেলে সোহাগ ও তার দলবল হত্যার হুমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহারুল ইসলামের অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে জাহারুল ইসলামের ভাই জামাল মিয়া বাদী হয়ে ৮ জনকে নামধারী ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেছেন। অপর দিকে ঘটনার মূল হোতো সোহাগ থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে মামলার ৪ নম্বর আসামী আকাশকে অভিযান চালিয়ে গ্রপ্তার করে পুলিশ। আহত সূত্র জানায়, ঘটনার সময় সাগর বাড়ী থেকে দোকানে যাচ্ছিলো। বাবুল চেয়ারম্যানের বাড়ীর সামনের সড়কে সোহাগ ও তার সহযোগীরা অটোতে এসে সাগরকে মারধর শুরু করে। এতে সাগরের হাত ভেঙ্গে যায়। সাগরের ডাক চিৎকারে বাদীসহ অন্যান্যরা ছুটে আসে। এসময় সোহাগ তার হাতে থাকা রামদা দিয়ে বাদীর ভাই জাহারুল ইসলামকে কোপ দিলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে হাতে লাগে। এসময় অন্যান্যরা যাকে যেভাবে পেরেছে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেছে। সোহাগ দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করছে। এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন বলেন, সোহাগ নিজে ঘটনা ঘটিয়ে উল্টো থানায় এসে মামলা দেওয়ার চেষ্টা করে। কিন্তু গোপন সূত্রে তথ্য পেয়ে তাকে থানায় বসিয়ে রেখে পুলিশ পাঠিয়ে ঘটনার রহস্য উদঘাটনের পর মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
