নির্যাতনে দিনমজুরের মৃত্যুর অভিযোগ নির্যাতনে দিনমজুরের মৃত্যুর অভিযোগ - ajkerparibartan.com
নির্যাতনে দিনমজুরের মৃত্যুর অভিযোগ

3:29 pm , October 10, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে উজ্জ্বল মাঝি  (২৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত উজ্জ্বল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার আব্দুল লতিফ মাঝির ছেলে।
তিনি কখনো ভ্যান চালাতেন আবার কখনো নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যায় উজ্জ্বলের দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মামুন মাঝি জানান, ছোট ভাই উজ্জ্বল মাঝি নিহত হওয়ার ঘটনায় তার বাবা লতিফ মাঝি রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে হত্যার অভিযোগ তোলা হয়েছে নিহত উজ্জ্বলের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন।
নিহত উজ্জ্বলের স্বজনরা জানান, পারিবারিক নানান বিষয় নিয়ে সম্প্রতি উজ্জ্বল ও তার স্ত্রী রোখসানা বেগমের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকতো। সর্বশেষ ৭ অক্টোবর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকায় প্রকাশ্যে রোখসানা উজ্জ্বলের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করতে থাকেন। পরে উজ্জ্বল রোখসানাকে চড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রোখসানা তার বাবার বাড়ির লোকজনকে খবর দেন। খবর পেয়ে বাবার বাড়ির স্বজনরা এসে রোখসানা ও উজ্জ্বলকে ঝালকাঠির নলছিটির ভৈরবপাশা ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যায়। পরের দিন আবার শ্বশুরবাড়ি থেকে উজ্জ্বলকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের বাবা আব্দুল লতিফ মাঝি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ছেলে উজ্জ্বলকে মৃত ঘোষণা করেন। তার দাবি, ছেলে উজ্জ্বলকে নির্যাতন করে মেরে ফেলেছে শ্বশুর বাড়ির লোকজন। এ হত্যাকা-ের বিচারও দাবি করেন তিনি। তবে উজ্জ্বল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করছেন স্ত্রী রোখসানা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT