3:21 pm , October 10, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘন্টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫১ জন ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু রোগের প্রকোপ শুরু হওয়ার পর থেকে বরিশাল বিভাগে ৬৫৯ জন রোগী আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু রোগে আক্রান্তদের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে জানিয়ে উপ-পরিচালক বলেন, রোগীদের চিকিৎসা দিতে বিভাগের সকল হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত পরিমান মশারী ও ঔষধ সরবরাহ করা হয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া সকল চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে।তিনি আরো জানান, সবাইকে সচেতন করতে প্রচার-প্রচারনা বাড়াতে সরকারী সকল দপ্তরের প্রধানদের সাথে জুম মিটিং করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।উপ-পরিচালক বলেন, এখন যদি সচেতন না হওয়া যায়। তাহলে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা আরো বাড়বে।
এদিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম সাইফুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ১৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪ জন।
