3:16 pm , October 10, 2022
শাকিল আহমেদ, মঠবাড়িয়া ॥ মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ১৫ নেতার বিরুদ্ধে দলীয় সভায় যোগদান না করা, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করাসহ দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস স্বাক্ষরিত দলীয় পত্রে এ তথ্য জানাগেছে। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পিরোজপুর জেলা আওয়মীলীগের সহ-সভাপতি ও মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য একেএম সেলিম মিয়া, মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল হক, দলীয় পদধারি পাঁচ ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, হারুন-অর-রশিদ, ফজলুল হক খান রাহাত, দেলোয়ার হোসেন আকন, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক ফজলুল হক মণি, সাপলেজা ইউনিয়ন আ’লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মজিবর মোল্লা ও আ’লীগ সদস্য সাবেক যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে অভিযুক্ত ১৫ নেতাকে পৃথকভাবে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালমা রহমানের সমর্থনে গত ১৮ আগস্ট পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি একেএমএ আউয়াল এর সভাপতিত্বে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উল্লেখিত ১৫ নেতা উপস্থিত হননি। এতে দলের সাংগঠনিক বিধি ভঙ্গ হয়েছে। এজন্য দল তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নিবেনা বলে প্রত্যেককে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর কারণ দর্শানো নোটির প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা থেকে বর্ধিত সভার কোন চিঠি পাননি। চিঠি না পাওয়ায় গত ১৮ আগস্ট তার স্ত্রীর জেলা পরিষদের সদস্য পদের যাচাই বাছাইয়েন জন্য তিনি পিরোজপুর জেলাতে অবস্থান করছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের গুরুত্বপূর্ণ পদে থাকা ১৫ নেতা বর্ধিত সভায় উপস্থিত না হয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ উঠেছে। তাই দলের সিদ্ধান্ত মোতাবেক তাদের কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে। অন্যথায় দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক বিধিতে ব্যবস্থা গ্রহণ করবে।
