3:44 pm , October 7, 2022
বাবুগঞ্জ ও হিজলা প্রতিবেদক ॥ নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুই বিমান যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বরিশাল বিমান বন্দর কর্তৃপক্ষ তাদের আটক করে বলে জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন।
তিনি জানান, হিজলা উপজেলায় চার জেলেকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।
জরিমানা দেয়া দুই বিমান যাত্রী হলেন: আলমগীর ও মানষ। দন্ডিতরা হলো – হিজলা উপজেলার পূর্ব খাগেরচর এলাকার সাইফুল মল্লিক (৩০), নাজমুল শিকদার(২৫), নুরুল ইসলাম তালুকদার (২৭) ও চর বিশোর এলাকার কাওসার মোল্লা(২৫)।
বিমল চন্দ্র দাস জানান, সকালে বিমানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল বিমান বন্দরে আসেন যাত্রী আলমগীর ও মানষ। তাদের সাথে থাকা কর্কসীটের কার্টুন বক্স স্ক্যান করার সময় ইলিশ মাছ পায়। নিষিদ্ধ সময়ে ইলিশ বহনের দায়ে দুই জনকে বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানায় সোপর্দ করে।
তারা দুই যাত্রীকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করেন। নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা দুই জনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়াও কার্টুন থেকে উদ্ধার করা ৮ টি ইলিশ স্থানীয় দুস্থদের মাঝে বিতরন করা হয়েছে বলে বাবুগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী দীপক জানিয়েছেন।
অপরদিকে হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, মা ইলিশ সংরক্ষনে বৃহস্পতিবার দিবাগত রাতে মেঘনা নদীতে অভিযান করা হয়। এ সময় নদীতে মাছ শিকারে জাল ফেলা অবস্থায় ৬ জনকে আটক করা হয়।
পরে তাদের হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। নির্বাহী হাকিম ৪ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন।
এছাড়া আটক চর বিশোর এলাকার মিরাজ (১৬) ও ইমরান (১৫) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে উদ্ধার ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
