3:42 pm , October 7, 2022
পরিবর্তন ডেস্ক ॥ আগৈলঝাড়ায় এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহষ্পতিবার দিবাগত রাতে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম। মৃত সাব্বির পাইক (১৬) আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. আলমগীর পাইক এর ছেলে। কিশোর সাব্বিরের মা কোহিনুর বেগম জানান, বৃহস্পতিবার ছেলেকে বাড়ি রেখে পাশের বাড়িতে কাজে যায় সে। কাজ শেষে রাত পৌনে নয়টার দিকে বাড়ি ফিরে সাব্বিরের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। তবে কোন সাড়াশব্দ না পেয়ে কৌশলে পিছনের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন এবং ছেলে সাব্বির পাইককে শাড়ির কাপরের অংশ দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। স্থানীয়রা জানান, সাব্বিরের মায়ের ডাক চিৎকারে সবাই এগিয়ে যান এবং সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। পরে থানার এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই রাতেই সাব্বিরের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। সাব্বিরের মা কোহিনুর বেগম আরও জানান, তার ছেলে মানসিক রোগী ছিলেঅ। সাব্বিরের বাবা গত দশ বছর ধরে মানসিক সমস্যাজনিত কারণে শিকলে আটকা অবস্থায় আছে।
