বরিশাল বিভাগের ৬ জেলাসহ ৩৮ জেলায় বন্ধ থাকবে ইলিশ ধরা বরিশাল বিভাগের ৬ জেলাসহ ৩৮ জেলায় বন্ধ থাকবে ইলিশ ধরা - ajkerparibartan.com
বরিশাল বিভাগের ৬ জেলাসহ ৩৮ জেলায় বন্ধ থাকবে ইলিশ ধরা

3:24 pm , October 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নিরাপদ ইলিশের বংশ বিস্তারে বৃহস্পতিবার মধ্য রাত থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় ২২ দিন ইলিশ ধরা থাকবে। এ সময়ে ইলিশ আহরণে বিরতির পাশাপাশি কেনাবেচাও থাকবে বন্ধ। মৎস্য সংরক্ষণ আইনে এই ২২ দিন নিষেধাজ্ঞার ভঙ্গকারীকে কমপক্ষে ১ থেকে ২ বছর সশ্রম কারাদ- অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দ- দেয়া হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আগে প্রজনন মৌসুমে ১৫ দিন ইলিশ মাছ ধরা বন্ধ রাখা হলেও গত চার বছর ধরে এই সময় সাত দিন বাড়িয়ে ২২ দিন করা হয়। এ সময় মা ইলিশ আহরণে বিরত থাকা সারাদেশের ৫ লাখ ৫৫ হাজার ৯৪৪টি জেলে পরিবারের জন্য খাদ্য সহায়তায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবেন। ২০২১-২২ অর্থবছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ৩৭ জেলার ১৫১টি উপজেলায় এ খাদ্য সহায়তা দেওয়া হবে। মা ইলিশ রক্ষায় দেশের ৩৮টি জেলায় বিশেষ অভিযান পরিচালনা করবে প্রশাসন। আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই অভিযান ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় মৎস্য দফতর, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করবে।
অভিযান বাস্তবায়নকালে ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও বাগেরহাট জেলার সব নদ-নদী, মোহনা ও সাগরে ইলিশসহ সব রকমের মাছ ধরা বন্ধ থাকবে।এ ছাড়া নারায়নগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, জামালপুর, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মন বাড়িয়া, খুলনা, কুষ্টিয়া ও নড়াইল জেলার নদ-নদীতে শুধু ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।
প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ অ্যাক্ট-১৯৫০-এর অধীন প্রণীত ‘প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস-১৯৮৫’ অনুযায়ী এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অভিযান চলাকালে ৩৮ জেলার আকাশ, নদী ও সমুদ্রপথে বিশেষ টহল জোরদার করবে স্থানীয় প্রশাসন। এ সময় আইন না মানলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধকালীন সময়ে পাশের দেশের জেলেরা যাতে অবৈধভাবে মৎস্য আহরণ করতে না পারে, সেজন্য সাগরে কোস্টগার্ড ও নৌবাহিনী ব্যবস্থা নেবে। নৌ-পুলিশ এ বছর নদীতে ভাসমান ফাঁড়ি পরিচালনা করবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT